রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলার মধ্যে এ পর্যন্ত ২৪ হাজার ১৩টি মামলা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।আইনমন্ত্রী বলেন, রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কার্যক্রম অন্তর্বর্তীকালীন সরকারের সময় শুরু হয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এ কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে।যাচাই-বাছাইয়ে জেলা পর্যায়ে চার সদস্যের কমিটিমন্ত্রী জানান, তৃণমূল পর্যায়ে মামলাগুলো যাচাই-বাছাইয়ের জন্য গত ৫ মার্চ ২০২৬ তারিখে জেলা পর্যায়ে চার সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। জেলা ম্যাজিস্ট্রেটের সভাপতিত্বে গঠিত এসব কমিটি মামলা প্রত্যাহারের আবেদন, এজাহার, প্রযোজ্য ক্ষেত্রে অভিযোগপত্রের (চার্জশিট) সত্যায়িত অনুলিপি এবং সরকারি কৌঁসুলির (পিপি) মতামত পর্যালোচনা করে।কোনো মামলা রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে কি না, সেটি জনস্বার্থে পরিচালনা করা প্রয়োজন কি না এবং মামলা অব্যাহত থাকলে রাষ্ট্রের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে কি না—এসব বিষয় বিবেচনায় নিয়ে কমিটিগুলো মামলা প্রত্যাহারের সুপারিশ করে।কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে আইনমন্ত্রীমামলা প্রত্যাহারের সুপারিশ পর্যালোচনা ও সার্বিক কার্যক্রম সমন্বয়ের জন্য গত ৮ মার্চ ২০২৬ তারিখে আইনমন্ত্রীকে আহ্বায়ক করে একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।আইনমন্ত্রী বলেন, এ পর্যন্ত রাজনৈতিক কারণে দায়ের করা ২৪ হাজার ১৩টি হয়রানিমূলক মামলা প্রত্যাহার সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে নতুন আবেদন এবং সংশ্লিষ্ট জেলা কমিটির সুপারিশ পর্যালোচনায় কোনো মামলা রাজনৈতিক হয়রানিমূলক বলে প্রতীয়মান হলে তা প্রত্যাহারে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।