দেশজুড়ে নাশকতা, বোমা হামলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জাতীয় সংসদে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকার দেশ ও জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে বিরোধী দল হাত গুটিয়ে বসে থাকবে না। প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে নিজেদের দায়িত্ব পালন করবে তারা। তবে সংকট মোকাবিলায় সরকার চাইলে বিরোধী দল সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বক্তব্যে এসব কথা বলেন তিনি।নাশকতা ও হামলার ঘটনায় উদ্বেগবক্তব্যে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা তুলে ধরেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, আর্মি গল্ফ ক্লাব, পুলিশের বিশেষ শাখার (এসবি) সদর দপ্তরের সামনে এবং থানার ফটকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টানা তিন দিন ককটেল বিস্ফোরণ হয়েছে। মঙ্গলবারও সেখানে বিস্ফোরণে দুজন আহত হয়েছেন।এ ছাড়া পার্বত্য সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানে এক তরুণ সেনাসদস্যের মৃত্যুর ঘটনা, সাজেক ভ্যালির অস্থিতিশীল পরিস্থিতি, গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগ এবং সরকারি-বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলার বিষয়ও সংসদে তুলে ধরেন তিনি।আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্নদেশে বিজিবি, পুলিশ ও আনসার ব্যাটালিয়নসহ একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকা সত্ত্বেও ধারাবাহিক নাশকতার ঘটনায় অপরাধীদের গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি নেই বলে অভিযোগ করেন শফিকুর রহমান। তাঁর দাবি, কয়েকজনকে সাধারণ মানুষ ধরে দিলেও সংশ্লিষ্ট বাহিনীগুলোর কার্যকর অগ্রগতি দেখা যায়নি।তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা মন্ত্রণালয়কে কার্যত অকার্যকর মনে হচ্ছে। পরিস্থিতির অবনতি হলেও স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে নিজ থেকে কোনো বিবৃতি দেননি বলেও সমালোচনা করেন তিনি। এ অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে জাতির সামনে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানান জামায়াত আমির।গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগবক্তব্যে বিরোধী দলের সংসদ সদস্যদের ওপর চাপ প্রয়োগের অভিযোগও তোলেন শফিকুর রহমান। তিনি দাবি করেন, সরকারি দলের একজন প্রতিমন্ত্রী বিরোধী দলের এক সংসদ সদস্যকে ফোন করে শাসানোর সুরে কথা বলেছেন। অন্যদিকে, একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এক সংসদ সদস্যকে জামায়াত ছাড়ার জন্য চাপ দেওয়া হচ্ছে।এ ধরনের কর্মকাণ্ডের অধিকার গোয়েন্দা সংস্থার সদস্যদের আছে কি না, সেই প্রশ্ন তুলে তিনি বলেন, দেশ আবার সাড়ে ১৫ বছরের পুরোনো অন্ধকার সময়ে ফিরে যাচ্ছে কি না, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।ফ্যাসিবাদ পুনর্বাসনের বিরুদ্ধে হুঁশিয়ারিদেশে ফ্যাসিবাদের পুনর্বাসনের আশঙ্কা প্রকাশ করে জামায়াত আমির বলেন, তাঁদের সন্তানদের রক্ত এখনো মানুষের চোখের সামনে। সেই রক্তের ওপর দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদের পুনর্বাসন হতে দেওয়া হবে না।তিনি বলেন, বর্তমান সংকট মোকাবিলায় সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে তার দায় বিরোধী দল নেবে না। সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে বিরোধী দল জনগণকে সঙ্গে নিয়ে নিজেদের দায়িত্ব পালন করবে। তবে সংকট উত্তরণে সরকার আন্তরিক হলে বিরোধী দলও সহযোগিতার হাত বাড়িয়ে দেবে।তথ্যসূত্র: জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের বক্তব্য।