সংসদে সালাহউদ্দিন আহমদ বললেন, আগের বছরের একই সময়ের অপরাধের পরিসংখ্যানের সঙ্গে তুলনা করেই পরিস্থিতি মূল্যায়ন করতে হবেজাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিচ্ছিন্নভাবে দু-একটি পরিত্যক্ত গাড়িতে আগুন দেওয়া কিংবা কোথাও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বা অবনতি নির্ধারণ করতে হলে আগের বছরের একই সময়ের অপরাধের পরিসংখ্যানের সঙ্গে তুলনা করতে হবে।মঙ্গলবার (১০ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, গাড়িতে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। সারা দেশে সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে কয়েকজনকে হাতেনাতে আটক করা হয়েছে। ঢাকার সিএমএম আদালত এলাকায় একটি ঘটনায় জড়িত তিনজনের মধ্যে দুজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য একজন পালিয়ে গেছেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টি এলাকায় একটি গাড়ির ছাদে ককটেল বিস্ফোরণের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, রাতের অন্ধকারে সংঘটিত এমন বিচ্ছিন্ন ঘটনা দিয়ে পুরো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে—এমন দাবি করা যৌক্তিক নয়। একইভাবে চালক-হেলপারবিহীন পরিত্যক্ত বাস কিংবা গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যাওয়ার প্রমাণ নয়।নাশকতার পেছনে ষড়যন্ত্রের অভিযোগদেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে পতিত ফ্যাসিবাদী শক্তির পক্ষ থেকে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, দেশের অভ্যন্তরে আত্মগোপনে থাকা ফ্যাসিবাদের দোসররা আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এর পেছনে সীমান্তের ওপার থেকে কোনো ইন্ধন রয়েছে কি না, বিদেশে অবস্থানরত ব্যক্তিরা কীভাবে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন এবং দেশের ভেতরে কারা তাঁদের সহযোগিতা করছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।বিরোধীদলীয় নেতা গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয়ে একজন সংসদ সদস্যকে ফোন করে দল ছাড়ার পরামর্শ দেওয়ার অভিযোগ তুলেছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট ফোন নম্বর ও বার্তার বিবরণ দিলে সরকার বিষয়টি তদন্ত করে দেখবে।পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা নস্যাতের দাবিদেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পে অস্থিরতা ও অরাজকতা সৃষ্টির জন্য দেশের বাইরে থেকে নীলনকশা করা হয়েছিল বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ পরিকল্পনা বাস্তবায়নে দেশের ভেতরেও বিনিয়োগ করা হয়েছে বলে সরকারের ধারণা। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় সেই চেষ্টা সফল হয়নি বলে জানান তিনি।সালাহউদ্দিন আহমদ বলেন, শিল্পাঞ্চলের পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের পরিচয় দিয়েছে। তারা অতিরিক্ত বল প্রয়োগ করেনি; বরং বাহিনীর সদস্যরাই বিভিন্ন ঘটনায় আহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীকে উসকানি দিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির চেষ্টা করা হলেও সরকার সেই সুযোগ দেয়নি।তিনি জানান, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের শিল্পাঞ্চলগুলোতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, নিয়মিত পুলিশ, বিজিবি ও অন্যান্য বাহিনী সমন্বিতভাবে কাজ করছে। শিল্পকারখানার উৎপাদন ও রপ্তানি সচল রাখা এবং শ্রমিকদের কর্মসংস্থান সুরক্ষায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।শিল্প মালিক, শ্রমিক সংগঠন ও বিভিন্ন ফেডারেশনের নেতাদের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে জানিয়ে তিনি বলেন, তাঁদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। তবে কিছু দুষ্কৃতকারী ও পতিত ফ্যাসিবাদের সহযোগী শিল্পাঞ্চলে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছে। কয়েকজন শিল্প মালিকের সহযোগিতার বিষয়টিও সরকারের নজরে এসেছে বলে জানান তিনি।হত্যাকাণ্ডের সংখ্যা আগের বছরের তুলনায় কম: দাবিআইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধের পরিসংখ্যান তুলনা করার ওপর গুরুত্ব দেন। সংসদে উপস্থাপিত একটি সংবাদপত্রের প্রতিবেদনে ২ হাজার ৯২৯টি হত্যাকাণ্ডের তথ্য উল্লেখ করা হয়েছে জানিয়ে তিনি সংখ্যাটি ২ হাজার ৯৩৮ হতে পারে বলেও উল্লেখ করেন।তবে পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের বরাত দিয়ে তিনি দাবি করেন, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে হত্যাকাণ্ডের সংখ্যা প্রায় ৩০০টি কমেছে।তিনি বলেন, অবনতি ও উন্নতি আপেক্ষিক বিষয়। আগের বছরের একই সময়ের তথ্যের সঙ্গে তুলনা না করে শুধু একটি পরিসংখ্যান দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে সিদ্ধান্ত দেওয়া ঠিক নয়।এ বিষয়ে বিস্তারিত তথ্য-উপাত্ত আগামীকাল সংসদে ৩০০ বিধিতে উপস্থাপন করবেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ভিত্তিতে এসব পরিসংখ্যান তুলে ধরা হবে, যাতে যে কেউ তথ্য যাচাই করতে পারেন।বিনিয়োগকারীদের আশ্বস্ত করলেন স্বরাষ্ট্রমন্ত্রীবক্তব্যে শিল্প মালিক, বিনিয়োগকারী ও আন্তর্জাতিক ক্রেতাদের আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত করা হবে। কোনো পক্ষকে অস্থিরতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। এ ধরনের চেষ্টা হলে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরে কিংবা সীমান্তের বাইরে থেকে কোনো ষড়যন্ত্র বা নীলনকশা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে। সেই শক্তিকে ফিরিয়ে আনার মতো পরিস্থিতি তৈরির চেষ্টা হলে সরকার তা উন্মোচন করবে।