বাংলাদেশের আকাশে পবিত্র ১৪৪৮ হিজরি সনের জমাদিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী বৃহস্পতিবার (১২ নভেম্বর) থেকে জমাদিউস সানি মাস গণনা শুরু হবে। বুধবার (১১ নভেম্বর) পবিত্র জমাদিউল আউয়াল মাসের ৩০ দিন পূর্ণ হবে।মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) এ এইচ এম কামরুজ্জামান।সভায় জানানো হয়, ১৪৪৮ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখার বিষয়ে দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ও বিভাগীয় এবং জেলা কার্যালয় থেকে পাওয়া তথ্য পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে পাওয়া তথ্যও যাচাই করা হয়। এসব তথ্য পর্যালোচনা শেষে দেশের কোথাও চাঁদ দেখার খবর না পাওয়ায় বৃহস্পতিবার থেকে নতুন মাস শুরুর সিদ্ধান্ত হয়।সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমেদ, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. আজগর আলীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আলেমরা উপস্থিত ছিলেন।