সন্তোষপুর ইকো পার্কের পাশে সড়কের খাদে পড়ে ছিল মরদেহ ও দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেলচুয়াডাঙ্গার জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খেজুরগাছে ধাক্কা লেগে রাসেল হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার সন্তোষপুর ইকো পার্কের পাশে সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত রাসেল হোসেন জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মাদ্রাসাপাড়ার বাসিন্দা। তিনি ওই গ্রামের ইলিয়াস হোসেনের ছেলে এবং পেশায় রাজমিস্ত্রি ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে কয়েকজন কৃষক কাজের উদ্দেশ্যে যাওয়ার সময় সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কের ইকো পার্কসংলগ্ন একটি খাদে রাসেলের মরদেহ পড়ে থাকতে দেখেন। পাশে একটি নীল রঙের আরটিআর মোটরসাইকেল দুমড়েমুচড়ে পড়ে ছিল। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেওয়া হয়।স্থানীয়দের ধারণা, মঙ্গলবার রাতের কোনো একসময় মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাসেল সড়কের পাশের একটি খেজুরগাছে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।নিহতের বাবা ইলিয়াস হোসেন জানান, তাঁর ছেলে রাজমিস্ত্রির কাজ করতেন। মঙ্গলবার রাত ৮টার দিকে সন্তোষপুর পাম্প থেকে মোটরসাইকেলের তেল কেনার কথা বলে বাড়ি থেকে বের হন রাসেল। এরপর আর বাড়িতে ফেরেননি। রাতভর তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি। বুধবার ভোরে দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছেলের মরদেহ দেখতে পান তিনি।জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, সন্তোষপুর ইকো পার্কের কাছে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগায় ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।তথ্যসূত্র: জীবননগর থানা পুলিশ, স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের বক্তব্য।