নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের আহ্বান | সীমান্ত ও ক্যাম্পের নিরাপত্তা নিয়েও আলোচনাবাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দাপ্তরিক নথিপত্রে রোহিঙ্গার সংখ্যা কম দেখানো হলেও বাস্তবে এ সংখ্যা ১৫ লাখের বেশি। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক এই জনগোষ্ঠীকে আশ্রয় ও মানবিক সহায়তা দেওয়া বাংলাদেশের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে।বুধবার (১১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।সাক্ষাৎকালে মিয়ানমারের বর্তমান রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন, সীমান্ত নিরাপত্তা এবং রোহিঙ্গা ক্যাম্পগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগের তাগিদস্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সব প্রচেষ্টার মূল লক্ষ্য হওয়া উচিত তাদের নিজ দেশ মিয়ানমারে নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করা।তিনি আরও বলেন, আগামী ১৯ নভেম্বর ২০২৬ আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যাসংক্রান্ত মামলার রায় ঘোষণার পর আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।বৈঠকে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারি দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক আশ্রয় ও সেবা দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন।তিনি রোহিঙ্গাদের ওপর সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরে বলেন, জাতিসংঘ ও আন্তর্জাতিক সহযোগীরা প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ তৈরির পাশাপাশি মিয়ানমারে রোহিঙ্গাদের নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে।ক্যাম্পে অপরাধ দমনে প্রযুক্তিগত সহায়তা নিয়ে আলোচনাবৈঠকে রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকায় মাদক ও অস্ত্র পাচার এবং সাইবার অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তিগত সহায়তা দেওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।এ ছাড়া চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ প্রভাবশালী দেশগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে মিয়ানমার সরকারের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টির প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।সাক্ষাৎকালে জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের সফরসঙ্গী থমাস হুনেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং রাজনৈতিক-১ অধিশাখার যুগ্মসচিব রেবেকা খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।তথ্যসূত্র:। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারির বৈঠক-সংক্রান্ত তথ্য।