সাবেক আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা এবং ২০২৪ সালের ছাত্র আন্দোলনের বিরোধিতার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেত্রীর নাম শারমিন আক্তার রিতা। তিনি ঢাকা মহানগর দক্ষিণের যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষাবিষয়ক সম্পাদক ছিলেন।গত ১০ নভেম্বর ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শারমিন আক্তার রিতার বিরুদ্ধে ২০২৪ সালের ছাত্র আন্দোলনের বিরোধিতা, পরবর্তী সময়ে দায়ের হওয়া বিভিন্ন মামলা এবং সাবেক আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। এসব অভিযোগ ও প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে দলীয় নীতিমালা এবং সাংগঠনিক স্বার্থ বিবেচনায় কেন্দ্রীয় মহিলা দলের অনুমতিক্রমে তাঁকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এতে আরও জানানো হয়, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের সভাপতি রুমা আক্তার সংগঠনের শৃঙ্খলা ও ঐক্য রক্ষার স্বার্থে বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছেন।সিদ্ধান্ত অনুযায়ী, শারমিন আক্তার রিতাকে যাত্রাবাড়ী থানা মহিলা দলের শিক্ষাবিষয়ক সম্পাদক পদসহ সংগঠনের সব পর্যায়ের দায়িত্ব ও প্রাথমিক সদস্যপদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে এখন থেকে মহিলা দলের কোনো সাংগঠনিক পরিচয়, পদবি কিংবা দায়িত্ব ব্যবহার করতে পারবেন না তিনি।