কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় আওয়ামী লীগের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। ঘটনার আগে আওয়ামী লীগের নেতাকর্মী ও পলাতক সন্ত্রাসীদের কাছ থেকে হুমকি পাওয়ার অভিযোগও করেছেন এই সংসদ সদস্য। তবে হামলার প্রকৃত কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নিজের বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নুসরাত তাবাসসুম।সংবাদ সম্মেলনে তিনি বলেন, হামলার ধরন দেখে তাঁর কাছে ঘটনাটি পেট্রলবোমা হামলা বলে মনে হয়েছে। ব্যক্তিগতভাবে তিনি এ ঘটনার পেছনে আওয়ামী লীগের হাত থাকতে পারে বলে মনে করছেন। তবে বিষয়টি তদন্তসাপেক্ষ বলেও উল্লেখ করেন তিনি।নুসরাত বলেন, গত ২৮ অক্টোবর রাতে একটি অপরিচিত নম্বর থেকে তাঁকে হুমকি দেওয়া হয়। এর আগে ও পরেও কয়েকটি হুমকি কল পেয়েছেন তিনি। এসব ঘটনায় গত মঙ্গলবার ঢাকার কলাবাগান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি করার পরও তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।তাঁর অভিযোগ, হামলার প্রায় তিন ঘণ্টা আগে কুষ্টিয়া জেলা ছাত্রলীগের পলাতক সভাপতির ফেসবুক আইডি থেকে সতর্কতামূলক একটি পোস্ট দেওয়া হয়েছিল। হামলার পরও বিভিন্ন ফেসবুক পোস্টে কিছু ব্যক্তি ঘটনার দায় স্বীকারের মতো বক্তব্য দিয়ে উল্লাস করছেন বলে জানান তিনি।নুসরাত বলেন, ‘আমি কিছুই বলছি না। আমি শুধু এটা বলছি যে এই ঘটনার পূর্বে আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছ থেকে, পলাতক সন্ত্রাসীদের কাছ থেকে হুমকি পেয়েছি এবং পরবর্তীতে তারা দায় স্বীকার করে বিভিন্ন ফেসবুক পোস্ট দিচ্ছে, উল্লাস করছে।’মধ্যরাতে চারটি বিস্ফোরণের অভিযোগনুসরাতের ভাষ্য অনুযায়ী, বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিট ৩০ সেকেন্ডে তাঁর বাড়িতে পরপর চারটি বিস্ফোরণ ঘটে। সিসিটিভি ফুটেজের সময় উল্লেখ করে তিনি বলেন, বিস্ফোরণের ধরন দেখে পেট্রলবোমা হামলা বলে মনে হয়েছে। তবে তদন্তের আগে নিশ্চিতভাবে কিছু বলতে চান না তিনি।তিনি জানান, বাড়িটি পরিত্যক্ত ছিল না। সেখানে পাঁচ-ছয় বছর ধরে একটি অসহায় পরিবার বসবাস করছিল। পরিবারটি বাড়িটির দেখাশোনা করত এবং তাঁদের পরিবারের সদস্যের মতোই ছিল। হামলায় ওই পরিবারের একটি শিশু আহত হয়েছে। এ ছাড়া বাড়িতে থাকা বেশ কয়েকটি গবাদিপশু মারা গেছে।নুসরাত বলেন, বাড়িটি তাঁর দাদার হাতে তৈরি। এখানেই তাঁর শৈশব কেটেছে এবং বাবা-মা সংসার করেছেন। বর্তমানে সেখানে গবাদিপশুর খামারও ছিল। আগুনে বাড়ির প্রায় সবকিছু পুড়ে গেছে।তদন্ত ও আলামত সংগ্রহে দ্রুত পদক্ষেপের দাবিপুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে নুসরাত বলেন, খবর দেওয়ার পর পুলিশ আনুমানিক রাত ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। অর্থাৎ হামলার প্রায় এক ঘণ্টা পর পুলিশ আসে। ঘটনার প্রায় ১২ ঘণ্টা পেরিয়ে গেলেও তখন পর্যন্ত আলামত সংগ্রহ করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।দৌলতপুর উপজেলায় ফায়ার সার্ভিসের কেন্দ্র না থাকায় আগুন নেভাতে দেরি হয়েছে বলেও জানান তিনি। তাঁর দাবি, ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই বাড়ির অধিকাংশ পুড়ে যায়।নুসরাত বলেন, দ্রুত ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলাকারীদের শনাক্ত করতে হবে। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে দায়িত্ব এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জবাব চাইলেনদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে এই সংসদ সদস্য বলেন, সাধারণ মানুষ ও সংসদ সদস্যদের নিরাপত্তার মধ্যে কার্যত কোনো পার্থক্য নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল হামলায় একজন চালক এবং তাঁর বাড়িতে হামলায় একটি শিশু আহত হওয়ার ঘটনা একই ধরনের নিরাপত্তাহীনতার চিত্র তুলে ধরে।তিনি বলেন, দায়িত্ব পালন করতে না পারলে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের পদ ছেড়ে দেওয়া উচিত। শুধু সংসদে বক্তব্য দিয়ে কিংবা পরিস্থিতির অবনতি অস্বীকার করে বাস্তবতা আড়াল করা যাবে না।স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের উদ্দেশে নুসরাত বলেন, এ ধরনের ঘটনায় রাষ্ট্রের দায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা সম্পর্কে তাঁকে স্পষ্ট বক্তব্য দিতে হবে।স্থানীয় কাউকে সন্দেহ করছেন নাহামলার পেছনে স্থানীয় কোনো বিরোধ কাজ করেছে কি না—এমন প্রশ্নের জবাবে নুসরাত বলেন, তিনি তাঁর এলাকার মানুষকে সন্দেহ করছেন না। তবে ব্যক্তিগতভাবে এ ঘটনার সঙ্গে আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে বলে মনে করেন তিনি। একই সঙ্গে পুলিশকে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করার আহ্বান জানান।শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, নাশকতা ও অগ্নিসংযোগ করে রাজনৈতিকভাবে ফিরে আসা সম্ভব নয় বলে তিনি মনে করেন।নুসরাত আরও বলেন, একজন বর্তমান সংসদ সদস্যের বাড়িতে মধ্যরাতে এ ধরনের হামলার ঘটনা শুধু তাঁর পরিবারের জন্য নয়, জুলাই আন্দোলন ও এর সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য উদ্বেগজনক বার্তা।তিনি স্পষ্ট করে বলেন, হামলা ও হুমকি দিয়ে তাঁদের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখা যাবে না।