এলএনজি কেনায় তিন বিদেশি প্রতিষ্ঠানের প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ, বিমানবন্দরের তৃতীয় টার্মিনালেও বসছে মোবাইল নেটওয়ার্কআসন্ন পবিত্র রমজানে বাজারে খেজুরের সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভোক্তাদের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দিতে ৬ হাজার ২০০ মেট্রিক টন খেজুর আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এসব খেজুর আমদানি করে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ভোক্তাদের মধ্যে বিতরণ করা হবে। একই সঙ্গে তিনটি বিদেশি উৎস থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনের প্রস্তাবসহ পাঁচটি বিষয়ে নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির ৩৭তম সভায় এসব সুপারিশ করা হয়।সভা সূত্রে জানা গেছে, পাঁচটি প্রস্তাবের মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে তিনটি, বাণিজ্য মন্ত্রণালয় থেকে একটি এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে একটি প্রস্তাব উপস্থাপন করা হয়।তিন উৎস থেকে এলএনজি কেনার উদ্যোগসভায় তিনটি আন্তর্জাতিক উৎস থেকে এলএনজি কেনার প্রস্তাবে নীতিগত সুপারিশ করা হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো—জাপানের জেরা গ্লোবাল মার্কেটস পিটিই লিমিটেড, সংযুক্ত আরব আমিরাতের এডিএনওসি ট্রেডিং লিমিটেড এবং নাইজেরিয়ার ওজিমাডু অ্যান্ড মারিটেস অয়েল মার্কেটিং নাইজেরিয়া লিমিটেড/উজি জেমস বিহাইভ।সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয়বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) বিধি অনুসরণ করে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব এলএনজি কেনার সুপারিশ করা হয়েছে।এ ছাড়া জাপানের জেরা গ্লোবাল মার্কেটসের সঙ্গে পেট্রোবাংলার স্বল্পমেয়াদি এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তি এবং টার্ম শিটের চূড়ান্ত খসড়ায় স্বাক্ষরের প্রস্তাবও সভায় উপস্থাপন করা হয়।রমজানের আগেই খেজুর আমদানির প্রস্তুতিরমজানে খেজুরের বাড়তি চাহিদা বিবেচনায় টিসিবির মাধ্যমে বিতরণের জন্য ৬ হাজার ২০০ মেট্রিক টন খেজুর আমদানির প্রস্তাবে নীতিগত সুপারিশ করেছে কমিটি। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এসব খেজুর কেনা হবে।জরুরি জাতীয় প্রয়োজন বিবেচনায় দরপত্র প্রস্তুত ও জমা দেওয়ার সময়সীমা কমানোর প্রস্তাবেও সম্মতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। এ ক্ষেত্রে সরকারি ক্রয়বিধিমালা, ২০২৫-এর ১০২(১)(ক) বিধি অনুসরণের কথা বলা হয়েছে।তৃতীয় টার্মিনালে স্থাপন হবে মোবাইল নেটওয়ার্কএদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনের প্রস্তাবেও নীতিগত সুপারিশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রকল্পের আওতায় সরাসরি ক্রয় পদ্ধতি অনুসরণ করে এ কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।কমিটির এসব সুপারিশের মাধ্যমে আসন্ন রমজানে খেজুর সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি জ্বালানি আমদানি ও বিমানবন্দরের যোগাযোগ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ এগিয়ে নেওয়ার পথ তৈরি হলো।