আগামী রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা শঙ্খ দাশগুপ্তের নতুন চলচ্চিত্র ‘আবার দেখা হলে’। এ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো বড় পর্দায় জুটি হয়ে হাজির হচ্ছেন অভিনেতা সিয়াম আহমেদ ও অভিনেত্রী নাজিফা তুষি। তারকাবহুল এ সিনেমায় আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী।সিনেমাটিতে আরও অভিনয় করেছেন দীপা খন্দকার, আজিজুল হাকিম, বিজরী বরকতুল্লাহ ও রেজওয়ান পারভেজ। পরিচিত ও জনপ্রিয় অভিনয়শিল্পীদের সমন্বয়ে নির্মিত সিনেমাটি আসন্ন ঈদে দর্শকদের জন্য অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।‘সিঙ্গার ও বেকো প্রেজেন্টস’ নিবেদিত ‘আবার দেখা হলে’ প্রযোজনা করছে ফিল্মি ফিচারস। সিনেমাটির সহ-প্রযোজক ও অফিশিয়াল ডিজিটাল পার্টনার হিসেবে রয়েছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। নির্মাণে সহযোগিতা করছে এমআইবি স্টুডিওস।মধ্যবিত্ত জীবনের গল্পনির্মাতা শঙ্খ দাশগুপ্ত জানান, ‘আবার দেখা হলে’ মূলত ড্রামা ঘরানার সিনেমা। পারিবারিক আবহে নির্মিত এ চলচ্চিত্র পরিবারের সব বয়সী দর্শকের উপভোগের উপযোগী করে তৈরি করা হয়েছে।সিনেমার গল্প প্রসঙ্গে তিনি বলেন, মধ্যবিত্ত শ্রেণির জীবনযাপনকে কেন্দ্র করে কাহিনি এগিয়েছে। এতে আবেগ, পারিবারিক মূল্যবোধ, বাস্তব জীবনের দ্বন্দ্ব ও নানা নাটকীয়তার পাশাপাশি হাস্যরসও রয়েছে। দর্শকদের পরিচিত ও পছন্দের অভিনয়শিল্পীদের উপস্থিতি গল্পটিকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে আশা করছেন তিনি।নির্মাতার ভাষ্য, এটি মূলত নিজেকে নতুন করে ফিরে পাওয়ার গল্প। ফেলে আসা সময়, স্মৃতি ও শিকড়ের সঙ্গে মানুষের আত্মিক সম্পর্ককে কেন্দ্র করে সিনেমার কাহিনি সাজানো হয়েছে। জীবনের বিভিন্ন সময়ের দৃশ্যপটের মধ্য দিয়ে দর্শকদের স্মৃতিময় এক যাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা থাকবে এতে। আবহসংগীত ও গান সিনেমার আবেগকে আরও গভীর করে তুলবে।চরকির প্রত্যাশাসিনেমাটির সহ-প্রযোজক ও চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, চরকি বরাবরই বৈচিত্র্যময় অনুভূতির গল্প তুলে ধরতে আগ্রহী। ‘আবার দেখা হলে’ একটি পারিবারিক গল্প, যেখানে নিজেকে ফিরে পাওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে। দর্শকরা পরিবার নিয়ে প্রেক্ষাগৃহে এসে সুন্দর কিছু মুহূর্ত উপভোগ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।উল্লেখ্য, শঙ্খ দাশগুপ্তের প্রেক্ষাগৃহের জন্য নির্মিত দ্বিতীয় চলচ্চিত্র ‘আবার দেখা হলে’। এর আগে তিনি নির্মাণ করেন প্রশংসিত সিনেমা ‘প্রিয় মালতী’। এ ছাড়া ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত তাঁর ‘চা গরম’ দর্শকমহলে জনপ্রিয়তা পেয়েছিল। নতুন সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন মো. সাইফুল্লাহ রিয়াদ।