নতুন পে স্কেল কার্যকরের পর পে-ফিক্সেশনের কারণে শ্রান্তি ও বিনোদন ভাতার অতিরিক্ত অর্থ বা বকেয়া পাওয়ার সুযোগ থাকছে না সরকারি কর্মচারীদের। একবার এই ভাতা গ্রহণের পর নতুন বেতন কাঠামোয় পে-ফিক্সেশনের মাধ্যমে মূল বেতন বাড়লেও আগের ভাতার বিপরীতে অতিরিক্ত অর্থ দাবি করা যাবে না। এ বিষয়ে স্পষ্ট নির্দেশনা দিয়ে গেজেট প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়।
অর্থ বিভাগের প্রবিধি-৩ শাখা গত বুধবার (১১ নভেম্বর) এ-সংক্রান্ত আদেশ জারি করে। পরদিন বৃহস্পতিবার (১২ নভেম্বর) তা গেজেট আকারে প্রকাশিত হয়। আদেশে স্বাক্ষর করেন অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মো. ফেরদৌস আলম।
গেজেট অনুযায়ী, ‘সরকারি চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ অনুসারে নতুন বেতন স্কেল ধাপে ধাপে বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত। এ সময়ে শ্রান্তি ও বিনোদন ভাতা প্রদানের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম অনুসরণ করতে হবে।
ছুটির মাসের মূল বেতনই হবে ভাতার ভিত্তি
১৯৮৯ সালের ২০ মার্চ জারি করা বিধি অনুযায়ী, সরকারি কর্মচারীরা যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটি ভোগ করেন, সে মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ভাতা হিসেবে পান। নতুন বেতন কাঠামোতেও এ নিয়ম বহাল রাখা হয়েছে।
তবে নতুন পে স্কেলে ধাপে ধাপে বেতন বাস্তবায়ন এবং পে-ফিক্সেশনের কারণে ভাতা নির্ধারণে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, পে-ফিক্সেশনের মাধ্যমে পরবর্তী সময়ে নির্ধারিত বা বর্ধিত মূল বেতনের ভিত্তিতে আগের ভাতা পুনর্নির্ধারণ করা যাবে না। বরং সংশ্লিষ্ট কর্মচারী ছুটিতে যাওয়ার সময় বাস্তবে যে মূল বেতন পাবেন, সেই পরিমাণ অর্থই ভাতা হিসেবে প্রাপ্য হবেন।
একবার ভাতা নিলে পরে বকেয়া দাবি নয়
অর্থ বিভাগের নির্দেশনার ফলে কোনো কর্মচারী শ্রান্তি ও বিনোদন ভাতা গ্রহণের পর পে-ফিক্সেশনের কারণে তাঁর মূল বেতন বাড়লেও আগের ভাতার বিপরীতে অতিরিক্ত অর্থ পাবেন না। অর্থাৎ, নতুন বেতন কাঠামো কার্যকরের পর বেতন সমন্বয়ের কারণে শ্রান্তি ও বিনোদন ভাতার কোনো বকেয়া দাবি করার সুযোগ থাকছে না।
গেজেটে অর্থ বিভাগের এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।

প্রথম দর্পণ,ডেস্ক