গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়েই পুলিশ কর্মকর্তার পাশে যুবদল নেতা, সমাবেশে অংশগ্রহণ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৪ নভেম্বর ২০২৬, ০৩:২৭ দুপুর
  • ১৪২৯৫ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
চট্টগ্রামের পটিয়ায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত এক যুবদল নেতাকে সঙ্গে নিয়ে মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংবিরোধী সমাবেশে অংশ নিয়েছেন থানার পরিদর্শক (তদন্ত) যযুৎসু যশ চাকমা। গত ৬ নভেম্বর উপজেলার গৈড়লারটেক এলাকায় আয়োজিত ওই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন নসু। তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকলেও তিনি প্রকাশ্যে ওই অনুষ্ঠানে অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পটিয়া উপজেলার নাঈখাইন এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক চিকিৎসাধীন থাকার সুযোগে গত ২৫ আগস্ট তাঁর বাড়ির একাংশ ভাঙচুর করে পাকা দেয়াল নির্মাণের মাধ্যমে জমি দখলের অভিযোগ ওঠে যুবদল নেতা নাজমুল হোসেনের বিরুদ্ধে।

এ ঘটনায় ২৮ আগস্ট মুক্তিযোদ্ধার ছেলে মিজানুর রহমান স্থানীয় সংসদ সদস্য এনামুল হকের কাছে অভিযোগ জানান। এতে ক্ষুব্ধ হয়ে ওই রাতেই মিজানুর রহমানকে মারধর ও চাঁদা দাবির অভিযোগ ওঠে নাজমুলসহ ছয়জনের বিরুদ্ধে। এ ঘটনায় গত ৩১ আগস্ট তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়।

মামলার আসামিরা উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিন নেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে নিম্ন আদালতে হাজির না হওয়ায় আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বাদীপক্ষের দাবি, অন্য কয়েকজন আসামি পরবর্তী সময়ে জামিন নিলেও প্রধান আসামি নাজমুল হোসেন এখনো জামিন নেননি। ফলে তিনি গ্রেফতারি পরোয়ানাভুক্ত রয়েছেন।

অথচ আদালতের পরোয়ানা জারির পরও এলাকায় অবস্থান করছেন নাজমুল। গত ৬ নভেম্বর ধলঘাট ইউনিয়ন নাগরিক সমাজ আয়োজিত মাদক, চাঁদাবাজি ও কিশোর গ্যাংবিরোধী সমাবেশে তাঁকে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে দেখা যায়। সেখানে উপস্থিত ছিলেন পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) যযুৎসু যশ চাকমাও।

পুলিশের ভূমিকা নিয়ে বাদীপক্ষের অভিযোগ

মামলার বাদী মিজানুর রহমান অভিযোগ করেন, এর আগে তাঁকে হত্যাচেষ্টার ঘটনায় পুলিশ মামলা গ্রহণ না করায় তিনি আদালতের শরণাপন্ন হন। পরে আদালতের বিচারক ২৪ ঘণ্টার মধ্যে মামলা রুজুর নির্দেশ দেন। আদালতের নির্দেশে মামলা হলেও পুলিশ তাঁকে প্রয়োজনীয় সহযোগিতা করেনি। বরং পুলিশ আসামিপক্ষের সঙ্গে কথা বলে আসছে বলে অভিযোগ তাঁর।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহিনা আক্তার বলেন, আদালত গ্রেফতারি পরোয়ানা জারির পর কয়েকজন আসামি জামিন নিলেও প্রধান আসামি নাজমুল হোসেন এখনো জামিন নেননি। সে অনুযায়ী তিনি পলাতক।

অন্যদিকে, মামলা দায়েরের পর সংবাদ সম্মেলনে যুবদল নেতা নাজমুল হোসেন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা বলে দাবি করেন। তাঁকে হয়রানি করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে বক্তব্য জানতে পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) যযুৎসু যশ চাকমাকে ক্ষুদে বার্তা পাঠানো হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad