টানা বৃষ্টিতে কাদাপানি, দুর্ভোগে দুবলার চরের রাস উৎসবের পুণ্যার্থীরা

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২২ নভেম্বর ২০২৬, ০৬:২৯ বিকাল
  • ৮১৯০ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা তিন দিনের ভারী বৃষ্টিতে সুন্দরবনের দুবলার চরে রাস পূজা ও পুণ্যস্নান আয়োজনের মাঠে পানি ও কাদা জমেছে। এতে উৎসবে অংশ নিতে আসা পুণ্যার্থী, দর্শনার্থী ও মেলায় দোকান নিয়ে আসা ব্যবসায়ীরা দুর্ভোগে পড়েছেন।

প্রতিবছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে দুবলার চরে ঐতিহ্যবাহী রাস পূজা ও পুণ্যস্নান অনুষ্ঠিত হয়। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি এ উৎসব ঘিরে বসে গ্রামীণ মেলা। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পুণ্যার্থী ও দর্শনার্থীর সমাগম ঘটে।

এবার বৈরী আবহাওয়া ও ভারী বৃষ্টিতে উৎসবস্থলের বিভিন্ন স্থানে কাদাপানি জমে চলাচলে বিঘ্ন ঘটছে। বিশেষ করে নারী, শিশু ও বয়স্কদের দুর্ভোগ বেড়েছে। দোকানের সামনে পানি-কাদা জমে থাকায় ক্রেতাদের চলাচল ও কেনাবেচায় সমস্যায় পড়ছেন ব্যবসায়ীরাও।

পুণ্যার্থী ও দর্শনার্থী পুষ্পজিত মণ্ডল বলেন, ধর্মীয় অনুভূতি ও ঐতিহ্যের টানে দূরদূরান্ত থেকে দুবলার চরে এসেছেন তাঁরা। কিন্তু মাঠের বেহাল অবস্থায় চলাচল ও পূজার আনুষ্ঠানিকতায় অংশ নিতে অসুবিধা হচ্ছে। দ্রুত পানি নিষ্কাশন করে মাঠ চলাচলের উপযোগী করার দাবি জানান তিনি।

মেলায় দোকান নিয়ে আসা ব্যবসায়ী কৃষ্ণ জানান, বৃষ্টিতে দোকানের সামনে পানি ও কাদা জমে ক্রেতাদের চলাচল এবং কেনাবেচা ব্যাহত হচ্ছে। দূরদূরান্ত থেকে পণ্য এনেও বৈরী আবহাওয়ার কারণে প্রত্যাশিত বিক্রি করতে পারছেন না তাঁরা।

বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, রাস উৎসব ঘিরে সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা, নিরাপত্তা এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে বন বিভাগ দায়িত্ব পালন করছে। বৈরী আবহাওয়ায় সৃষ্ট পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি গুরুত্ব দেওয়া হচ্ছে।

দুর্ভোগ কমাতে দ্রুত পানি নিষ্কাশন, চলাচলের উপযোগী পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন পুণ্যার্থী, দর্শনার্থী ও ব্যবসায়ীরা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad