এনসিপির একাধিক দায়িত্বশীল নেতা ‘আমার দেশ’কে জানিয়েছেন, দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম লন্ডন সফর শেষে রোববার দেশে ফিরবেন। এরই মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বৈঠকের আমন্ত্রণ পেয়েছে এনসিপি। সোমবার মধ্যাহ্নভোজের সময় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকটি হতে পারে।
এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পরিষদের সদস্য সারোয়ার তুষার জানান, প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে স্বাগত জানিয়েছে দলটি। তবে চার সদস্যের প্রতিনিধি দলের নাম এখনো চূড়ান্ত হয়নি। নাহিদ ইসলাম দেশে ফেরার পর সদস্য নির্বাচন করা হবে।
তুষার বলেন, আলোচনায় নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতি ক্ষমতাসীন বিএনপির ছাড় দেওয়ার বিষয়টি গুরুত্ব পাবে। পাশাপাশি ২০২৪ সালের জুলাইয়ে সংঘটিত গণহত্যার বিচার এবং গণভোটের রায় অনুযায়ী জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি জানাবে এনসিপি।
তাঁর ভাষ্য, এসব বিষয়ের পাশাপাশি আওয়ামী লীগকে এনসিপির ভাষায় ‘ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন’ হিসেবে বিচারের আওতায় আনার বিষয়টিও জাতীয় ঐক্যের ভিত্তি হওয়া উচিত।
প্রধানমন্ত্রীর এ সংলাপে বিরোধী জোটের জামায়াতে ইসলামীসহ জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তথ্যসূত্র: আমার দেশ অনলাইন, ২২ নভেম্বর ২০২৬।

প্রথম দর্পণ,ডেস্ক