এআই-নিয়ন্ত্রিত অস্ত্রের লাগাম টানতে দ্রুত আন্তর্জাতিক চুক্তির আহ্বান রেড ক্রসের

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ২২ নভেম্বর ২০২৬, ০৭:০৩ বিকাল
  • ৮২২১ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

নিয়ন্ত্রণহীন ব্যবহারে বেসামরিক প্রাণহানির ঝুঁকি, সময়মতো পদক্ষেপ না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে দ্রুত আন্তর্জাতিক চুক্তি করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি) ও বিভিন্ন মানবাধিকার সংস্থা। তাদের সতর্কবার্তা, এসব অস্ত্রের উন্নয়ন ও ব্যবহার নিয়ন্ত্রণের উদ্যোগের চেয়ে অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে। ফলে কার্যকর বিধিনিষেধ আরোপে বিলম্ব হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

রোববার (২২ নভেম্বর) জেনেভায় জাতিসংঘের প্রচলিত অস্ত্রবিষয়ক কনভেনশনের (সিসিডব্লিউ) ১২০টির বেশি সদস্যদেশের সপ্তাহব্যাপী সম্মেলন শেষে এ সতর্কতা দেওয়া হয়। তবে স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ন্ত্রণে আগামী দুই বছর আলোচনা চালানোর বিষয়ে সমঝোতা না হওয়ায় হতাশা প্রকাশ করেছে মানবাধিকার সংস্থাগুলো।

আইসিআরসির আন্তর্জাতিক আইন, আন্দোলন ও অংশীদারত্ববিষয়ক পরিচালক ড. কর্ডুলা দ্রগে বলেন, যুদ্ধক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ইতোমধ্যে শুরু হয়েছে। সম্ভবত অস্ত্রব্যবস্থাতেও এর ব্যবহার শুরু হয়েছে। এখনই নিয়ন্ত্রণ আরোপ করা না গেলে ভবিষ্যতে এসব অস্ত্রের লাগাম টানা আরও কঠিন হয়ে পড়বে।

বাধ্যতামূলক চুক্তির দাবি

স্বয়ংক্রিয় অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে স্পষ্ট নিষেধাজ্ঞা ও বিধিনিষেধসহ আইনগতভাবে বাধ্যতামূলক আন্তর্জাতিক চুক্তির আহ্বান জানিয়েছেন আইসিআরসির প্রেসিডেন্ট মিরজানা স্পোলিয়ারিচ এগার এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

আইসিআরসি বিশেষ করে মানুষের বিরুদ্ধে স্বয়ংক্রিয় অস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করা, অস্ত্রের আচরণ অনুমানযোগ্য রাখা এবং সামরিক লক্ষ্যবস্তুর বাইরে এসব অস্ত্রের ব্যবহার সীমিত করার প্রস্তাব দিয়েছে।

কর্ডুলা দ্রগে বলেন, সব ধরনের স্বয়ংক্রিয় অস্ত্র নিষিদ্ধ করার দাবি জানানো হচ্ছে না। বরং আন্তর্জাতিক চুক্তির মাধ্যমে এমন কিছু সীমারেখা নির্ধারণ করতে হবে, যা কখনোই অতিক্রম করা যাবে না।

তিনি বলেন, ‘বিশেষ করে যন্ত্রের মাধ্যমে মানুষকে লক্ষ্যবস্তুতে পরিণত করা নৈতিকভাবে অগ্রহণযোগ্য হওয়া উচিত।’

মানবাধিকার সংস্থাগুলোর আশঙ্কা, আন্তর্জাতিকভাবে কার্যকর বিধিনিষেধ আরোপে বিলম্ব হলে বেসরকারি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ও সামরিক বাহিনীগুলোই স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহারের নিয়মকানুন নির্ধারণ করে ফেলবে।

যুদ্ধক্ষেত্রে বাড়ছে এআই অস্ত্রের ব্যবহার

স্বয়ংক্রিয় অস্ত্র বলতে এমন সামরিক ব্যবস্থাকে বোঝায়, যা মানুষের সরাসরি তত্ত্বাবধান ছাড়াই কাজ করতে পারে। এসব অস্ত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবট প্রযুক্তি ব্যবহার করা হয়।

সাম্প্রতিক বছরগুলোতে এআই প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে পাল্লা দিয়ে সামরিক বাহিনী ও অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলো আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক বিভিন্ন ধরনের উন্নত অস্ত্র তৈরি করছে।

এর মধ্যে রয়েছে গাজায় লক্ষ্যবস্তু শনাক্তে ইসরাইলি বাহিনীর ব্যবহৃত এআই প্রযুক্তি এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ব্যবহৃত আধা-স্বয়ংক্রিয় ড্রোন। এসব ড্রোনের বিশেষ সক্ষমতা হলো, লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছানোর শেষ পর্যায়ে কৃত্রিম বুদ্ধিমত্তা নিজেই নিয়ন্ত্রণ গ্রহণ করতে পারে।

বেসামরিক মানুষের প্রাণহানির আশঙ্কা

স্বয়ংক্রিয় অস্ত্রের ব্যবহার ইতোমধ্যে বেসামরিক মানুষের প্রাণহানির কারণ হয়েছে। গত জুলাইয়ে ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়ায় এআই প্রযুক্তিতে পরিচালিত রাশিয়ার একটি ড্রোনের আঘাতে তিন বেসামরিক নাগরিক নিহত হন।

প্রতিবেদন অনুযায়ী, ড্রোনটির লক্ষ্য ছিল একটি পেট্রল স্টেশন। তবে সেটি দেয়ালে আছড়ে পড়ে। বিস্ফোরণের ধাতব টুকরার আঘাতে কাছের একটি ঝরনায় থাকা তিনজনের মৃত্যু হয়।

গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরাইল এআই প্রযুক্তির সাহায্যে দ্রুতগতিতে সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকা তৈরি করেছে। মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, এর ফলে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে দুর্বল বা সামান্য সম্পর্ক থাকা ব্যক্তিসহ অনেক বেসামরিক মানুষ ভুলভাবে হামলার শিকার হয়েছেন।

এ ছাড়া ইরানে যুক্তরাষ্ট্রের একটি হামলায় একটি প্রাথমিক বিদ্যালয়ে আঘাত হানার ঘটনায় ১৫৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। তাঁদের মধ্যে ১২০ জনই ছিল স্কুলশিক্ষার্থী। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, এআই ব্যবস্থার মাধ্যমে সংগ্রহ করা ভুল গোয়েন্দা তথ্যের কারণে হামলাটি হয়েছিল।

আরও প্রাণহানির আশঙ্কা

ফিউচার অব লাইফ ইনস্টিটিউটের সামরিক এআই পরিচালনা বিভাগের প্রধান আনা হেহির বলেন, শক্তিশালী আন্তর্জাতিক চুক্তি করতে আরও দেরি হলে গত ১৮ থেকে ২৪ মাসে দেখা যাওয়া বেসামরিক মানুষের ব্যাপক প্রাণহানির মতো আরও ঘটনা ঘটতে পারে।

তাঁর আশঙ্কা, ভবিষ্যতে কিছু ঘটনায় প্রাণহানির মাত্রা অতীতের ঘটনাগুলোকেও ছাড়িয়ে যেতে পারে।

মানবাধিকার সংস্থাগুলোর মতে, স্বয়ংক্রিয় অস্ত্রের ব্যবহার নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সম্প্রদায়ের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যথায় প্রযুক্তির দ্রুত বিকাশের সঙ্গে পাল্লা দিয়ে বিধিনিষেধ আরোপ করা কঠিন হয়ে পড়বে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad