গত ২০ নভেম্বর মুম্বাইয়ের দিনদোশি দায়রা আদালতের বিচারক পি এ সানে অভিযুক্তের আগাম জামিন মঞ্জুর করেন। আদালত পর্যবেক্ষণে বলেন, ওই যুগল ১৯৫৪ সালের বিশেষ বিবাহ আইনের অধীনে বিয়ে করেছেন।
আদালতের মতে, বোরকা পরা ছবি কিংবা আমন্ত্রণপত্রে ‘আয়েশা’ নামের উল্লেখ এককভাবে ধর্মান্তরের প্রমাণ হতে পারে না।
বিশেষ বিবাহ আইনে বিয়ের দাবিমামলার অভিযোগ অনুযায়ী, করোনাকালীন সময় থেকে ওই নারীর সঙ্গে অভিযুক্তের পরিচয় ও সম্পর্ক ছিল। পরে অভিযুক্ত তাঁকে ইসলাম ধর্ম গ্রহণ করলে বিয়ের প্রতিশ্রুতি দেন বলে দাবি করেন তাঁর মা।
গত ১৮ অক্টোবর বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর ওই নারী মাকে জানান, তিনি স্বেচ্ছায় অভিযুক্তকে বিয়ে করেছেন।
অন্যদিকে, অভিযুক্ত আদালতকে জানান, গত ১৬ অক্টোবর বিশেষ বিবাহ আইনের অধীনে তাঁদের বিয়ে সম্পন্ন ও নিবন্ধিত হয়। ধর্মান্তরে বাধ্য করা কিংবা কোনো ধরনের চাপ প্রয়োগের অভিযোগও অস্বীকার করেন তিনি।
নিকাহের প্রমাণ পায়নি পুলিশতদন্তের সময় কথিত নিকাহ পরিচালনাকারী মৌলভির রেজিস্টার জব্দ করে পুলিশ। তবে ওই রেজিস্টারে যুগলটির নিকাহের কোনো তথ্য পাওয়া যায়নি।
আদালতে ওই নারীও আইনজীবীর মাধ্যমে জানান, তিনি স্বেচ্ছায় বিয়ে করেছেন। তাঁর ওপর কোনো ধরনের জবরদস্তি, হুমকি কিংবা চাপ প্রয়োগ করা হয়নি বলেও জানান তিনি।
এসব বিষয় বিবেচনায় নিয়ে আদালত অভিযুক্তের আগাম জামিন মঞ্জুর করেন।
জামিনে একাধিক শর্তজামিনের শর্ত হিসেবে অভিযুক্তকে ৫০ হাজার রুপির ব্যক্তিগত বন্ড ও সমপরিমাণ অর্থের একজন জামিনদার দিতে বলা হয়েছে।
এ ছাড়া আগামী ৯০ দিন সপ্তাহে দুই দিন থানায় হাজিরা দিতে হবে তাঁকে। তদন্তে সহযোগিতা, অভিযোগকারী ও সাক্ষীদের সঙ্গে যোগাযোগ না করা এবং আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ না করার নির্দেশও দিয়েছেন আদালত।
আইনের বৈধতা চ্যালেঞ্জএদিকে, মহারাষ্ট্রের নতুন ধর্মান্তরবিরোধী আইনের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে ভারতের সুপ্রিম কোর্টে আবেদন করেছে অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস (এপিসিআর)। আইনটির বিরুদ্ধে বোম্বে হাইকোর্টেও পৃথক আবেদন করা হয়েছে।
আবেদনকারীদের দাবি, আইনটি ব্যক্তিস্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা, বিবেকের স্বাধীনতা ও গোপনীয়তার সাংবিধানিক অধিকারের পরিপন্থি।
তথ্যসূত্র:মাকতুব মিডিয়া।

প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক