ইরান যুদ্ধে এআইয়ের ব্যবহার নিয়ে তদন্ত চান মার্কিন সিনেটর

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ২২ নভেম্বর ২০২৬, ১২:৩২ দুপুর
  • ১০৮৪৩ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ড। ছবি: সংগৃহীত
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানে লক্ষ্যবস্তু নির্ধারণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করা হয়েছিল কি না, তা স্পষ্ট করার দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির সিনেটর কার্স্টেন গিলিব্র্যান্ড। সামরিক ক্ষেত্রে এআই ব্যবহারের কার্যকারিতা, নির্ভরযোগ্যতা এবং এর ওপর মানুষের নজরদারি নিশ্চিত করার বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।

নিউইয়র্কের এই সিনেটরের আশঙ্কা, এআইয়ের ভুল সিদ্ধান্তে বেসামরিক মানুষের প্রাণহানি ঘটতে পারে। বিশেষ করে লক্ষ্যবস্তু নির্ধারণে এ প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরতা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

গিলিব্র্যান্ড বলেন, শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত ও প্রতিহত করার ক্ষেত্রে এআই কার্যকর ভূমিকা রাখতে পারে। তবে সামরিক অভিযানে লক্ষ্যবস্তু নির্ধারণের সময় এআইয়ের ভুল সিদ্ধান্ত এড়াতে মানুষের কার্যকর নিয়ন্ত্রণ ও নজরদারি থাকা জরুরি।

এআই ব্যবহারে মানুষের নিয়ন্ত্রণ জরুরি

সিনেটের সশস্ত্র বাহিনী ও গোয়েন্দাবিষয়ক কমিটির এ বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করা উচিত বলে মনে করেন গিলিব্র্যান্ড। তাঁর মতে, এআই-সক্ষম অস্ত্রব্যবস্থা কীভাবে কাজ করছে এবং সেগুলোর সিদ্ধান্তে মানুষের নজরদারি কীভাবে নিশ্চিত করা হচ্ছে, তা যাচাই করা প্রয়োজন।

তিনি বলেন, দ্রুত সামরিক অভিযান শেষ করার তাগিদে কোনো মেয়েদের স্কুলে বোমা হামলা হোক, তা তিনি চান না। এআই হয়তো স্কুল ও সামরিক লক্ষ্যবস্তুর মধ্যে পার্থক্য বুঝতে পারেনি। এমনকি সেখানে মানুষের নজরদারি ছিল না, অথবা ১০ বছর আগের তথ্য ব্যবহার করা হয়েছিল—এমন আশঙ্কাও প্রকাশ করেন তিনি।

তবে ইরান যুদ্ধে লক্ষ্যবস্তু নির্ধারণে এআই ব্যবহার করা হয়েছিল, এমন কোনো প্রমাণ তাঁদের হাতে নেই বলে জানিয়েছেন এই সিনেটর। তাঁর ভাষায়, এ ধরনের কাজে এআইয়ের সম্পৃক্ততা ছিল বলে বিশ্বাস করার কারণ এখন তাঁদের নেই। তবে বিষয়টি নিশ্চিতভাবে জানা প্রয়োজন।

স্কুলে হামলা ঘিরে উদ্বেগ

গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধের শুরুর দিকে দেশটির দক্ষিণাঞ্চলে একটি মেয়েদের স্কুলে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ১৭০ জনের বেশি মানুষ নিহত হন, যাঁদের অধিকাংশই স্কুলছাত্রী।

ওই হামলার দায় এড়ানোর চেষ্টা করে আসছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। তবে হামলার ঘটনায় পাওয়া তথ্য-প্রমাণ ক্রমেই যুক্তরাষ্ট্রের দায়ের দিকে ইঙ্গিত করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

স্কুলে হামলার পরিপ্রেক্ষিতেই সামরিক অভিযানে এআই ব্যবহারের নির্ভরযোগ্যতা, লক্ষ্যবস্তু নির্ধারণে এর ভূমিকা এবং মানুষের তদারকির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন গিলিব্র্যান্ড।

এআইয়ের ভুল সিদ্ধান্ত নিয়েও শঙ্কা

এআইয়ের ভুল তথ্য বা মনগড়া ফলাফল তৈরির প্রবণতা, যা ‘হ্যালুসিনেশন’ নামে পরিচিত, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন এই সিনেটর। তাঁর মতে, মানুষের জীবন-মৃত্যুর প্রশ্নে এআইয়ের এমন ভুলের কোনো সুযোগ থাকা উচিত নয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad