গোপালগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ, জুলাই স্মৃতিস্তম্ভ ও হাদি চত্বরের নামফলক ভাঙচুর

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ দুপুর
  • ২২৯৫৭ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত আট দফা দাবি এবং দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। রোববারের এ কর্মসূচিতে জুলাই স্মৃতিস্তম্ভ, পুলিশ বক্স ও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভাঙচুর করা হয়। এ ছাড়া গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নাম পরিবর্তন করে আগের নামসংবলিত ব্যানার টাঙানো এবং সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধের ঘটনা ঘটে।

আগামী ১৯ নভেম্বর আওয়ামী লীগের আহূত দেশব্যাপী সকাল-সন্ধ্যা লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে রোববার (১৫ নভেম্বর) এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে গোপালগঞ্জ সদর উপজেলার লতিবপুর ইউনিয়নের ঘোষেরচর উত্তরপাড়া গাবতলা মোড়ে শহরের বিভিন্ন পাড়া-মহল্লা ও ইউনিয়ন থেকে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন খানের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী বিসিক ব্রিজ হয়ে মিছিল নিয়ে শহরে প্রবেশ করেন।

অন্যদিকে ঘোষেরচর দক্ষিণপাড়া থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সামিউল হক তনুর নেতৃত্বে এবং শহরের মিয়াবাড়ি ও নবীনবাগ এলাকা থেকে সাবেক কাউন্সিলর আলামিনের নেতৃত্বে পৃথক মিছিল বের হয়। এ ছাড়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে লাঠি, বৈঠা ও দেশি অস্ত্র নিয়ে খণ্ড খণ্ড মিছিল শহরে প্রবেশ করে।

মিছিলগুলো শহরের পুরাতন লঞ্চঘাট এলাকায় সমবেত হয়। সেখানে নেতাকর্মীরা একাত্মতা ঘোষণা করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মিছিল ও স্লোগানে শহরজুড়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরে পুরাতন লঞ্চঘাট এলাকা থেকে জাতীয় পতাকা, লাঠিসোঁটা, লগি-বৈঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেটা ও বল্লম নিয়ে হাজার হাজার নেতাকর্মী বিভিন্ন স্লোগান দিতে দিতে শহরের ব্যাংকপাড়ায় দলীয় কার্যালয়ের দিকে যান। সেখানে দীর্ঘদিন ধরে তালাবদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে দেওয়া হয়। এ সময় নেতাকর্মীদের আনন্দ-উল্লাস করতে দেখা যায়।

স্মৃতিস্তম্ভ ও নামফলকে হামলা

দলীয় কার্যালয় খোলার পর বিক্ষুব্ধ নেতাকর্মীরা গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর করেন। পরে গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নাম মুছে দিয়ে সেখানে আগের নাম ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙানো হয়।

এ ছাড়া গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলকও ভেঙে ফেলা হয়।

টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ

পরে বিক্ষোভকারীরা গোপালগঞ্জ-পাটগাতী সড়কের পুরাতন লঞ্চঘাট, কলেজ ও প্রেস ক্লাবের সামনে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশের একটি এপিসির ওপর দাঁড়িয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের স্লোগান দিতেও দেখা যায়। এ সময় পুলিশের এপিসির গায়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান লিখে দেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভ চলাকালে প্রেস ক্লাবের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। সকাল ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত ওই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। শহরের বিভিন্ন স্থানে পুলিশের উপস্থিতি দেখা গেলেও তাদের তৎপরতা চোখে পড়েনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক বলেন, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রশ্নে গোপালগঞ্জের মানুষ আপসহীন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত তাঁদের আন্দোলন রাজপথে চলবে।

এদিকে ঘটনাগুলোর বিষয়ে পুলিশের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।

তথ্যসূত্র গোপালগঞ্জ প্রতিনিধি, ১৫ নভেম্বর ২০২৬।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad