খাঁচার বদলে প্রাকৃতিক আবাস, ঢাকা-রংপুর চিড়িয়াখানায় ৩৩৩ কোটি টাকার উদ্যোগ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ দুপুর
  • ১৩৯৬৫ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানার চিরচেনা চিত্র বদলে দিতে ৩৩৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনায় খাঁচাবন্দি পরিবেশের পরিবর্তে প্রাণীদের জন্য প্রাকৃতিক আবাসস্থল, আধুনিক বেষ্টনী, দর্শনার্থীদের চলাচলে ট্রাম, শিশুদের জন্য বিনোদন জোনসহ নানা সুবিধা রাখার প্রস্তাব করা হয়েছে।

পাঁচ বছর মেয়াদি এ প্রকল্পের আওতায় চিড়িয়াখানা দুটির অবকাঠামো, প্রাণী ব্যবস্থাপনা ও দর্শনার্থীদের সুযোগ-সুবিধার উন্নয়ন করা হবে। তবে প্রকল্পটির চূড়ান্ত অনুমোদন এখনো মেলেনি। বর্তমানে এটি প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভার অপেক্ষায় রয়েছে।

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা ও রংপুর চিড়িয়াখানার সামগ্রিক উন্নয়নে প্রথমে ১ হাজার ২৬৭ কোটি টাকার প্রকল্প প্রস্তাব করা হয়েছিল। পরে সরকারের অর্থসংস্থানের সীমাবদ্ধতার কথা বিবেচনায় নিয়ে প্রস্তাবিত ব্যয় কমিয়ে ১ হাজার ২৩৩ কোটি টাকা করা হয়। পুরো মহাপরিকল্পনা কয়েকটি পর্যায়ে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এর প্রথম পর্যায়ে ৩৩৩ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিকল্পনা শাখার পরিচালক ড. বজলুর রহমান আমার দেশকে বলেন, প্রাথমিক পর্যায়ে চিড়িয়াখানার একটি খালি জায়গার উন্নয়ন করা হবে, যাতে বিদ্যমান কার্যক্রম ও প্রাণীদের আবাসস্থলে কোনো বিঘ্ন না ঘটে।

তিনি জানান, মাস্টারপ্ল্যান অনুযায়ী চিড়িয়াখানা দুটির অবকাঠামো উন্নয়ন, প্রাণীদের জন্য প্রাকৃতিক পরিবেশ তৈরি, আধুনিক বেষ্টনী নির্মাণ এবং দর্শনার্থীদের সুযোগ-সুবিধা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। পুরো প্রকল্প সরকারি অর্থায়নে বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে।

বাঘের জন্য বিস্তৃত আবাস, নিরাপত্তায় খাল ও কাচের বেষ্টনী

প্রকল্পের আওতায় বাঘসহ বড় প্রাণীদের জন্য বিশেষ আবাসস্থল তৈরির পরিকল্পনা রয়েছে। ছোট খাঁচায় বন্দি রাখার পরিবর্তে বনের মতো বিস্তৃত পরিবেশে তাদের রাখার উদ্যোগ নেওয়া হচ্ছে। বাঘের বেষ্টনীর চারপাশে প্রায় আট মিটার গভীর খাল খননের পরিকল্পনা রয়েছে, যাতে প্রাণীটি লাফিয়ে বাইরে আসতে না পারে। পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তায় বিশেষ কাচের সুরক্ষাব্যবস্থা রাখা হবে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক বজলুর রহমান বলেন, প্রাণীদের কল্যাণ নিশ্চিত করা এবং বাঘের মতো বড় প্রাণীদের স্বাভাবিক আবাসস্থলের অনুকূল পরিবেশ দেওয়াই প্রকল্পের অন্যতম লক্ষ্য।

উদ্যোক্তাদের পরিকল্পনা অনুযায়ী, প্রকল্পের আওতায় বর্তমানে থাকা ১০২ প্রজাতির দেশি প্রাণীর জন্য আরও উন্নত ও প্রজাতিবান্ধব পরিবেশ তৈরি করা হবে। দর্শনার্থীরা হেঁটে ঘোরার পাশাপাশি বিশেষ ট্রামে চড়ে পুরো চিড়িয়াখানা পরিদর্শনের সুযোগ পাবেন।

পাঁচ জোনে সাজবে ঢাকা চিড়িয়াখানা

মাস্টারপ্ল্যান অনুযায়ী, ঢাকা জাতীয় চিড়িয়াখানাকে পাঁচটি জোনে ভাগ করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে আফ্রিকান, সাভানা, নকটার্নাল ও বাংলাদেশ হ্যাবিটেট জোনের কথা উল্লেখ করা হয়েছে। প্রথম পর্যায়ে উত্তর পাশের খালি জায়গায় ‘বাংলাদেশ হ্যাবিটেট’ গড়ে তোলার কাজ শুরু করার পরিকল্পনা রয়েছে। এতে দেশি প্রাণী ও প্রজাতিগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

শিশুদের বিনোদনের জন্য থাকবে আলাদা অ্যাক্টিভ জোন। দর্শনার্থীদের যাতায়াত সহজ করতে দুটি প্রবেশপথ রাখার প্রস্তাব করা হয়েছে। একটি হবে বর্তমান মূল গেট এবং অন্যটি ইস্টার্ন হাউজিংয়ের পেছনের দিকে। পুরো চত্বরে সার্ভিস রুট ও হাঁটার পথ নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

এ ছাড়া আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, মাস্টার ড্রেনেজ, সৌরবিদ্যুৎ এবং নতুন পাবলিক টয়লেট নির্মাণের প্রস্তাব রয়েছে।

ঢাকা জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. শাহিনুর আলম আমার দেশকে বলেন, নিরাপত্তা বেষ্টনী না থাকায় বহিরাগত অপরাধী ও হকারদের দৌরাত্ম্য বেড়েছে। আশপাশের মানুষের ফেলে দেওয়া ময়লা-আবর্জনাও চিড়িয়াখানার বড় সমস্যা। প্রকল্প অনুমোদন পেলে চিড়িয়াখানার নিরাপত্তায় ২৫ ফুট উঁচু সীমানাপ্রাচীর নির্মাণ এবং এর পাশে নতুন হাঁটার রাস্তা তৈরির পরিকল্পনা রয়েছে।

প্রাণীকল্যাণের পাশাপাশি আর্থিক স্বচ্ছতার তাগিদ

বন্যপ্রাণী মনিটরিং, সুন্দরবনের বাঘ ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিশেষজ্ঞ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এম মনিরুল হাসান খান উদ্যোগটিকে ইতিবাচক হিসেবে দেখছেন। তবে তাঁর মতে, আধুনিক চিড়িয়াখানার এ ব্যবস্থাকে প্রাণীদের সম্পূর্ণ মুক্ত জীবন বলা যাবে না।

তিনি বলেন, প্রাণীরা নির্দিষ্ট বড় সীমানার মধ্যে থাকবে। চারপাশে গিরিখাদ বা কাচের দেয়ালের মতো ব্যবস্থা থাকায় দর্শনার্থীদের সঙ্গে তাদের সরাসরি সংস্পর্শের সুযোগ থাকবে না। একই সঙ্গে দৃষ্টিকটু লোহার খাঁচা বা বেড়া ছাড়াই প্রাণীদের দেখা সম্ভব হবে।

এ ধরনের প্রকল্পে আর্থিক স্বচ্ছতার ওপর গুরুত্ব দিয়ে অধ্যাপক মনিরুল হাসান খান বলেন, দেশের অর্থনৈতিক বাস্তবতা ও আর্থিক সীমাবদ্ধতা বিবেচনায় বরাদ্দের প্রতিটি টাকার সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে হবে। নিয়ম মেনে দুর্নীতিমুক্তভাবে অর্থ ব্যয় হচ্ছে কি না, সে বিষয়ে কঠোর নজরদারি প্রয়োজন।

সংশ্লিষ্টদের আশা, পাঁচ বছর মেয়াদি মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে ঢাকা ও রংপুর চিড়িয়াখানার প্রাণীদের আবাসব্যবস্থা ও পরিচর্যার মান উন্নত হবে। একই সঙ্গে দর্শনার্থীদের জন্য তৈরি হবে আরও আধুনিক ও নিরাপদ পরিবেশ।

তথ্যসূত্র: প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিকল্পনা শাখার পরিচালক ড. বজলুর রহমান, ঢাকা জাতীয় চিড়িয়াখানার পরিচালক ড. শাহিনুর আলম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম মনিরুল হাসান খানের বক্তব্য।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad