রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসছে জাতীয় গ্রিডে, শুরু হচ্ছে পরীক্ষামূলক সরবরাহ

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ১৫ নভেম্বর ২০২৬, ০৫:১০ বিকাল
  • ১২১৫৮ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
দেশের বিদ্যুৎ উৎপাদনে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিক পর্যায়ে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে এ কার্যক্রম শুরুর জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) প্রয়োজনীয় অনুমোদন নিতে হবে।

প্রকল্পসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, কোনো ধরনের কারিগরি জটিলতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হলে চলতি সপ্তাহেই প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার প্রস্তুতি চলছে। ইতোমধ্যে পরীক্ষামূলক উৎপাদন ও গ্রিড সংযোগের প্রাথমিক কার্যক্রমসহ প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি এগিয়ে নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্যমতে, প্রথম ইউনিটের রিঅ্যাক্টরের তাপীয় সক্ষমতা ৪০ শতাংশে উন্নীত হলে পূর্ণ সক্ষমতার তুলনায় প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এ পর্যায়ে জাতীয় গ্রিডে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।

পরীক্ষার পর মিলবে চূড়ান্ত অনুমোদন

পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার পরপরই নিয়মিত সরবরাহ শুরু হবে না। বরং কয়েক দিন উৎপাদন ও সরবরাহ কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। এ সময়ে বিদ্যুৎ উৎপাদন, গ্রিড সংযোগ এবং সংশ্লিষ্ট কারিগরি ব্যবস্থায় কোনো ত্রুটি রয়েছে কি না, তা যাচাই করা হবে।

পরীক্ষার ফল সন্তোষজনক হলে বায়েরা থেকে প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হবে। এরপর আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করা হতে পারে।

বায়েরা চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান বলেন, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর নির্দিষ্ট সময় এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। যত দ্রুত সম্ভব কার্যক্রম শুরু করার চেষ্টা চলছে। পরীক্ষামূলক সরবরাহের পর প্রতিটি ধাপ নিবিড়ভাবে পরীক্ষা করা হবে। কোনো সমস্যা নেই, তা নিশ্চিত হওয়ার পরই আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। প্রধানমন্ত্রীর সময় দেওয়ার ওপরও উদ্বোধনের সময়সূচি নির্ভর করছে।

ডিসেম্বরে আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা

প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন আগামী ডিসেম্বরে করার পরিকল্পনা রয়েছে। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে উদ্বোধনের তারিখ এখনো চূড়ান্ত হয়নি।

পূর্ণ সক্ষমতায় যেতে লাগতে পারে ৫-৬ মাস

প্রথম ইউনিট থেকে প্রাথমিকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হলেও পর্যায়ক্রমে উৎপাদন বাড়ানো হবে। তবে পূর্ণ সক্ষমতায় উৎপাদন এবং সেই পরিমাণ বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগতে পারে। সে হিসাবে আগামী বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে প্রথম ইউনিটের পূর্ণ সক্ষমতার বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, রাশিয়ার অর্থায়ন, পারমাণবিক প্রযুক্তি ও কারিগরি সহায়তায় পাবনার ঈশ্বরদীতে নির্মিত হচ্ছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর। প্রকল্পটি বাস্তবায়ন করছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটমের প্রকৌশল বিভাগ অ্যাটমস্ট্রয়এক্সপোর্ট।

কেন্দ্রটিতে ১ হাজার ২০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার দুটি ইউনিট রয়েছে। উভয় ইউনিট পূর্ণ সক্ষমতায় চালু হলে জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতায় গুরুত্বপূর্ণ সংযোজন ঘটবে।

তথ্যসূত্র: ঈশ্বরদী (পাবনা), ১৫ নভেম্বর ২০২৬।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad