ভারতীয় সংবাদমাধ্যম লাইভমিন্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, যোধপুরে একটি গহনায় স্বর্ণের সঙ্গে রেনিয়াম মেশানোর ঘটনা ধরা পড়েছে। এতে হলমার্ক থাকা সত্ত্বেও গহনার প্রকৃত বিশুদ্ধতা নিয়ে প্রশ্ন উঠেছে।
রেনিয়াম মিশিয়ে স্বর্ণের মান কমানোর অভিযোগরেনিয়াম একটি বিরল ও ভারী ধাতু। এর ঘনত্ব স্বর্ণের চেয়েও বেশি। ফলে স্বর্ণের পরিমাণ কমিয়ে গহনার ওজন ঠিক রাখতে অসাধু ব্যবসায়ীরা এ ধাতু ব্যবহার করতে পারেন।
যোধপুরের ঘটনায় ৭ দশমিক ৮৩ গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণের সঙ্গে প্রায় ১ গ্রাম রেনিয়াম গুঁড়ো মেশানো হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে গহনায় ২২ ক্যারেটের হলমার্ক থাকলেও প্রকৃত স্বর্ণের মান প্রায় ২০ ক্যারেটের সমপর্যায়ে নেমে আসে।
এক্সআরএফ মেশিনে ধরা পড়েনি ভেজালস্বর্ণের গহনা পরীক্ষায় সাধারণত এক্স-রে ফ্লুরোসেন্স বা এক্সআরএফ মেশিন ব্যবহার করা হয়। তবে এ মেশিন গহনার ওপরের অংশ পরীক্ষা করে। ফলে ভেতরে ভিন্ন ধাতু থাকলে তা সব সময় শনাক্ত করা সম্ভব হয় না।
যোধপুরের ঘটনায় ব্যবহৃত পরীক্ষাপদ্ধতিতে রেনিয়াম শনাক্ত না হওয়ায় প্রশ্ন উঠেছে স্বর্ণের বিশুদ্ধতা যাচাইয়ের প্রচলিত ব্যবস্থার কার্যকারিতা নিয়ে।
তবে একটি ঘটনায় সব এক্সআরএফ মেশিনকে ত্রুটিপূর্ণ বলা বা সব হলমার্কযুক্ত গহনাকে ভেজাল হিসেবে বিবেচনা করার সুযোগ নেই।
হলমার্ক যাচাইয়ে পাঁচটি বিষয়স্বর্ণ কেনার আগে ক্রেতাদের কয়েকটি বিষয় নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।
1. বিআইএস লোগো: গহনায় ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের (বিআইএস) হলমার্ক আছে কি না দেখতে হবে।
2. বিশুদ্ধতার চিহ্ন: ২২ ক্যারেট স্বর্ণের ক্ষেত্রে ২২কে৯১৬-এর মতো বিশুদ্ধতার চিহ্ন রয়েছে কি না যাচাই করতে হবে।
3. এইচইউআইডি কোড: গহনায় ছয় অক্ষরের হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন (এইচইউআইডি) কোড আছে কি না দেখতে হবে। বিআইএস কেয়ার অ্যাপের মাধ্যমে কোডটি যাচাই করা যায়।
4. নিবন্ধিত দোকান ও রসিদ: নিবন্ধিত বিক্রেতার কাছ থেকে স্বর্ণ কিনতে হবে। রসিদে গহনার ওজন ও ক্যারেট স্পষ্টভাবে উল্লেখ আছে কি না নিশ্চিত করতে হবে।
5. স্বীকৃত কেন্দ্রে পরীক্ষা: গহনার বিশুদ্ধতা নিয়ে সন্দেহ হলে স্বীকৃত অ্যাসেইং অ্যান্ড হলমার্কিং সেন্টারে পরীক্ষা করানো যেতে পারে।
ফায়ার অ্যাসেই পরীক্ষায় মিলতে পারে প্রকৃত মানপ্রতিবেদন অনুযায়ী, স্বর্ণের বিশুদ্ধতা যাচাইয়ে ‘ফায়ার অ্যাসেই’ পদ্ধতি ব্যবহার করা হয়। এ পদ্ধতিতে গহনার নমুনা পরীক্ষা করে স্বর্ণের প্রকৃত পরিমাণ নির্ণয় করা সম্ভব।
ভারতে স্বীকৃত অ্যাসেইং অ্যান্ড হলমার্কিং সেন্টারে ২০০ রুপি ফিতে এ পরীক্ষা করানো যায়। তবে পরীক্ষার জন্য গহনার সামান্য অংশ কেটে নিতে হয়। ফলে গহনায় সামান্য ক্ষতি হতে পারে।
বিআইএসের বক্তব্য অনুযায়ী, দোকানে ব্যবহৃত সাধারণ স্ক্যানের পরিবর্তে তারা ফায়ার অ্যাসেইয়ের মতো নির্ভরযোগ্য পদ্ধতিতে স্বর্ণের মান যাচাই করে। যোধপুরের ঘটনা সনদ প্রদান ও মান নিয়ন্ত্রণে আরও কঠোর নজরদারির প্রয়োজনীয়তা তুলে ধরেছে।
বিশ্ববাজারেও স্বর্ণের দামে বড় পতনভেজাল নিয়ে উদ্বেগের মধ্যেই বিশ্ববাজারে স্বর্ণের দাম টানা পাঁচ দিন কমেছে। শুক্রবার প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৫০০ ডলারের কাছাকাছি নেমে আসে।
মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর ইঙ্গিত এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারে বড় দরপতনকে এ মূল্যহ্রাসের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
গত মার্চের পর এক সপ্তাহে স্বর্ণের দামে এটিই সবচেয়ে বড় পতন। ওই সময়ে স্বর্ণের দাম প্রায় ৯ শতাংশ এবং রুপার দাম ১৫ শতাংশের বেশি কমেছে।
স্বর্ণের বাজারে এ অস্থিরতার মধ্যে ক্রেতাদের জন্য গহনার হলমার্ক, বিশুদ্ধতার চিহ্ন ও বিক্রয় রসিদ যাচাইয়ের পাশাপাশি প্রয়োজনে স্বীকৃত কেন্দ্রে পরীক্ষা করানো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

প্রথম দর্পণ,ডেস্ক