বন্ধকি সম্পত্তি নিলামে ৩০ কোটি টাকা, আত্মসাতের অভিযোগ নাকচ সিটি ব্যাংকের

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ বিকাল
  • ১০৫৬১ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বন্ধকি সম্পত্তি নিলাম ও অর্থ আত্মসাতের অভিযোগকে বিভ্রান্তিকর দাবি করেছে সিটি ব্যাংক। ব্যাংকটির দাবি, আইনানুগ প্রক্রিয়ায় ঋণ আদায়ের অংশ হিসেবে বন্ধকি সম্পত্তিটি নিলামে বিক্রি করা হয়েছে। নির্ধারিত বাজারমূল্যের চেয়ে ৭ কোটি ৪০ লাখ টাকা বেশি দামে সম্পত্তিটি বিক্রি হওয়ায় কম দামে বিক্রির অভিযোগ ভিত্তিহীন।

রোববার (২২ নভেম্বর) বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত অভিযোগের পরিপ্রেক্ষিতে দেওয়া এক প্রতিবাদ ও ব্যাখ্যায় এ কথা জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

ব্যাংকটির দাবি, প্রকৃত তথ্য উপেক্ষা করে আইনানুগ ঋণ আদায় কার্যক্রমকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। এতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিনের ব্যক্তিগত ও পেশাগত সুনাম এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

ঋণ খেলাপি, পরিশোধের অঙ্গীকারও রক্ষা হয়নি

সিটি ব্যাংকের ব্যাখ্যা অনুযায়ী, একজন গ্রাহকের অধীন কয়েকটি প্রতিষ্ঠান ২০১৬ সাল থেকে ব্যাংকটির ঋণসুবিধা গ্রহণ করে। এসব প্রতিষ্ঠানের নেওয়া ঋণের মোট পরিমাণ ছিল ৫৫ কোটি ৭৬ লাখ টাকা।

২০২২ সালে ঋণগুলো অনিয়মিত হয়ে পড়লে গ্রাহকের অনুরোধে পুনঃতফসিলসহ বিভিন্ন সুবিধা দেওয়া হয়। তবে এরপরও ঋণ পরিশোধ করা হয়নি। পরবর্তী সময়ে ২০২৪ সালে ঋণগুলো আবার খেলাপি হলে গ্রাহককে একাধিক আইনি নোটিশ দেওয়া হয়।

ব্যাংকটি জানায়, ঋণ সমন্বয়ের সুযোগ দেওয়ার পাশাপাশি গ্রাহক নিজেই ৪৫ কোটি টাকায় ঋণ সমন্বয়ের অঙ্গীকার করেছিলেন। তবে শেষ পর্যন্ত সেই অঙ্গীকারও রক্ষা করা হয়নি।

বাজারমূল্যের চেয়ে বেশি দামে বিক্রি

সিটি ব্যাংকের দাবি, ঋণ আদায়ে অর্থঋণ আদালত আইন ও ব্যাংকের নিজস্ব নীতিমালা অনুসরণ করে বন্ধকি সম্পত্তিটি প্রকাশ্য নিলামে বিক্রির উদ্যোগ নেওয়া হয়।

নিলামের আগে স্বীকৃত মূল্যায়নকারী প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পত্তিটির বাজারমূল্য নির্ধারণ করা হয় ২২ কোটি ৮৫ লাখ টাকা। তাৎক্ষণিক বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছিল ১৬ কোটি ৬৬ লাখ টাকা।

তবে শেষ পর্যন্ত সম্পত্তিটি ৩০ কোটি ২৫ লাখ টাকায় বিক্রি হয়। ব্যাংকের হিসাবে, এ মূল্য নির্ধারিত বাজারমূল্যের চেয়ে ৭ কোটি ৪০ লাখ টাকা বেশি। এ কারণে সম্পত্তিটি কম দামে বিক্রির অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে ব্যাংকটি।

এমডির বিদেশ সফর নিয়েও ব্যাখ্যা

প্রতিবাদ ও ব্যাখ্যায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিনের বিদেশ সফরের বিষয়টিও তুলে ধরা হয়েছে।

সিটি ব্যাংকের ভাষ্য, একটি বিদেশি ব্যাংকের আমন্ত্রণে গ্লোবাল ইভেন্টে বক্তা হিসেবে অংশগ্রহণ এবং পরে উমরাহ পালনের উদ্দেশ্যে তাঁর বিদেশ সফর পূর্বনির্ধারিত ও অনুমোদিত ছিল।

এ সফরকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানের সঙ্গে যুক্ত করে সংবাদ প্রকাশ করা অনভিপ্রেত ও অন্যায় বলে মন্তব্য করেছে ব্যাংকটি।

ব্যাংকটির দাবি, প্রাতিষ্ঠানিক ও আইনানুগ ঋণ আদায় কার্যক্রমকে ব্যবস্থাপনা পরিচালকের ব্যক্তিগত অর্থ আত্মসাতের ঘটনা হিসেবে উপস্থাপনের চেষ্টা নিন্দনীয়। এ ধরনের সংবাদ তাঁর ব্যক্তিগত ও পেশাগত সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি ব্যাংকের ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করে।

অনুসন্ধানে সহযোগিতার আশ্বাস

সিটি ব্যাংক জানিয়েছে, যেকোনো আইনানুগ অনুসন্ধানে তারা পূর্ণ সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ। তবে কোনো অভিযোগের অনুসন্ধান শুরুর জন্য তদন্ত কর্মকর্তা নিয়োগ এবং অভিযোগ প্রমাণিত হওয়া এক বিষয় নয় বলে উল্লেখ করেছে ব্যাংকটি।

এ অবস্থায় সংশ্লিষ্ট সংবাদমাধ্যমগুলোর প্রতি প্রকৃত তথ্য যাচাই করে বিভ্রান্তিকর বক্তব্য সংশোধন এবং দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়েছে সিটি ব্যাংক।

তথ্যসূত্র: দৈনিক আমার দেশ অনলাইন, ২২ নভেম্বর ২০২৬; সিটি ব্যাংকের প্রতিবাদ ও ব্যাখ্যা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad