পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে ভয়াবহ আত্মঘাতী হামলা, নিহত ১৭; রক্তক্ষয়ী বন্দুকযুদ্ধের পর নিহত ৫ হামলাকারী

  • প্রথম দর্পণ,আন্তর্জাতিক ডেস্ক
  • আপলোড সময় : ১০ জুলাই ২০২৬, ০২:২১ দুপুর
  • ২২৬৩৬ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের খুজদার শহরে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা ও ঝালাওয়ান প্যানেলের সভাপতি শফিকুর রহমান মেঙ্গালের বাড়িতে ভয়াবহ আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও প্রায় ৩০ জন আহত হয়েছেন। হামলার পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে হামলাকারীদের দীর্ঘ সময় ধরে তুমুল বন্দুকযুদ্ধ হয়।

বুধবার (১০ জুলাই) দুপুরে খুজদার শহরের শাহজাদ টাউন এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে আত্মঘাতী হামলাকারী মেঙ্গালের বাসভবনের প্রধান ফটকে আঘাত হানে। এতে বিকট বিস্ফোরণে বাড়ির প্রধান ফটক, সীমানাপ্রাচীর এবং ভবনের বড় একটি অংশ ধ্বংস হয়ে যায়। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বহু ভবনের দরজা-জানালার কাচ ভেঙে পড়ে এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রথম বিস্ফোরণের পর আরও কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীদের সঙ্গে তিন ঘণ্টারও বেশি সময় ধরে গোলাগুলি চলে। এ সময় রকেট লঞ্চার, গ্রেনেডসহ ভারী অস্ত্র ব্যবহার করা হয়।

নিরাপত্তা সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে শফিকুর রহমান মেঙ্গালের নিরাপত্তার দায়িত্বে থাকা সদস্যরাও রয়েছেন। বন্দুকযুদ্ধে পাঁচ হামলাকারী নিহত হয়েছে, যাদের মধ্যে কয়েকজন আত্মঘাতী হামলাকারী ছিল।

ঝালাওয়ান প্যানেলের মুখপাত্র ও সাধারণ সম্পাদক নাদিমুর রহমান হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, শফিকুর রহমান মেঙ্গাল হামলা থেকে অক্ষত অবস্থায় নিরাপদে রয়েছেন। তবে বিস্ফোরণ ও গোলাগুলিতে বহু মানুষ হতাহত হয়েছেন।

হামলার পরপরই পুলিশ ও নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে। আহতদের খুজদার টিচিং হাসপাতাল ও সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় দুই হাসপাতালেই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

এদিকে, পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এ হামলার দায় স্বীকার করেছে। ঘটনার পর খুজদার শহরে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সূত্র: ডন।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad