সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের চারবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিশিষ্ট রাজনীতিক প্রয়াত আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের প্রথম মৃত্যুবার্ষিকী আজ, ১৮ জুলাই।
এ উপলক্ষে তাঁর পরিবারের উদ্যোগে দোয়া, মিলাদ মাহফিল, কোরআনখানি ও স্মরণসভার আয়োজন করা হয়েছে। এ ছাড়া মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। এতে রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের কথা রয়েছে।
আব্দুল মান্নান তালুকদার ২০২৫ সালের ১৮ জুলাই রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, পাঁচ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী, আত্মীয়স্বজন ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।
১৯৩৬ সালের ২ মার্চ সিরাজগঞ্জ জেলার ধুবিল গ্রামে তাঁর জন্ম। ১৯৫৪ সালে সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যয়নকালে রাজনীতিতে সম্পৃক্ত হন। পরে রাজনীতির পাশাপাশি ঠিকাদারি পেশায় যুক্ত হয়ে দীর্ঘদিন সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করেন।
১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রথমবার সিরাজগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে আরও তিনবার একই আসন থেকে নির্বাচিত হয়ে মোট চারবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। এ ছাড়া দীর্ঘদিন সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে ভূমিকা রাখেন।
প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের দ্বিতীয় ছেলে ও সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য রাহিদ মান্নান লেনিন তাঁর বাবার রুহের মাগফিরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।#

পারভেজ সরকার,স্টাফ রিপোর্টার