‘মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার ৩ নম্বর বহুলী ইউনিয়নের কদমপাল এলাকায় অবস্থিত আয়শা রশিদ বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিদ্যালয়ের প্রায় ২৫০ শিক্ষার্থী অংশ নেয়। আলোচনা সভা শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের মাদকবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী স্লোগানসংবলিত কলম ও লিফলেট বিতরণ করা হয়।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সিরাজগঞ্জের উদ্যোগে বিদ্যালয়ের একটি হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. নজরুল ইসলামের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন অধিদপ্তরের সহকারী প্রসিকিউটর মেহেদী হাসান।
বক্তব্যে তিনি মাদকের ভয়াবহ কুফল ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষক-শিক্ষার্থীদের অবহিত করেন। একই সঙ্গে মাদক থেকে দূরে থাকার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। শিক্ষার্থীদের মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন থাকার এবং সুস্থ, সুন্দর জীবন গঠনে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যাশা করা হয়।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধি