বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে তাদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। চুনারুঘাট-মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রাফিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঘটনাটি তদন্তাধীন। বিভাগীয় ব্যবস্থা ও সুষ্ঠু তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট দুই পুলিশ সদস্যকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
ভুক্তভোগীরা হলেন চুনারুঘাট উপজেলার কালিশিরী গ্রামের ছায়েদ মিয়া, তাঁর ভাই ইউনুস মিয়া ও ইউনুস মিয়ার মেয়ে জাসমিন আক্তার।
আদালতে যাওয়ার পথে আটকের অভিযোগস্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, কালিশিরী গ্রামের ছায়েদ মিয়ার পরিবারের সঙ্গে প্রতিপক্ষের চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। গত বৃহস্পতিবার সকালে একটি মামলায় আদালতে হাজিরা দিতে ছায়েদ মিয়া, ইউনুস মিয়া ও জাসমিন আক্তার বাড়ি থেকে বের হন।
তারা উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বগাডুবী রেললাইনের মোড়ে পৌঁছালে পুলিশ তাদের গতিরোধ করে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
তাদের অভিযোগ, এসআই মাসুম আল মামুনের নেতৃত্বে পুলিশ সদস্যরা তল্লাশির নামে জোর করে তাদের পকেটে ইয়াবা ঢুকিয়ে দেন এবং পরে গ্রেফতার করে থানায় নিয়ে যান। এ ঘটনায় প্রতিপক্ষের কয়েকজনের সঙ্গে পুলিশের যোগসাজশ ছিল বলেও অভিযোগ করেন তারা।
তবে এসব অভিযোগের সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
থানার সামনে বিক্ষোভঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। পরে শত শত এলাকাবাসী চুনারুঘাট থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
পরে স্থানীয় সাংবাদিক, জনপ্রতিনিধি ও মুরব্বিরা থানায় গিয়ে বিক্ষুব্ধ লোকজনকে শান্ত করার চেষ্টা করেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে পরিস্থিতি শান্ত হয়।
ভুক্তভোগী পরিবারের স্বজনদের অভিযোগ, জমি ও চলাচলের রাস্তা নিয়ে প্রতিপক্ষের সঙ্গে তাদের বিরোধ আদালতে চলমান। আদালতে যাওয়ার সময় পরিকল্পিতভাবে তাদের ফাঁসানো হয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি যদি সাজানো হয়ে থাকে, তাহলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইনের ব্যত্যয় ঘটবে না।

প্রথম দর্পণ,ডেস্ক