রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ হাসপাতালে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান। তিনি বলেছেন, হামলার মূল পরিকল্পনাকারী ও জড়িতদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।
বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত রাড্ডা হাসপাতাল পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
এমপি আরমান বলেন, হামলার ভিডিও ফুটেজে শনাক্ত শুটার লেলিন এবং হামলার মূল পরিকল্পনাকারী ও সমন্বয়কারী মোহাম্মদ হানিফ এখনো গ্রেপ্তার হননি। তাদের গ্রেপ্তার করে অভিযোগপত্র দেওয়ার মাধ্যমে বিচারের ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, মানুষের অধিকার হরণকারীদের বিচারের জন্য প্রয়োজনীয় সবকিছু করবেন তিনি। এ জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান আরমান।
‘হামলার বিচার সারা দেশের জন্য গুরুত্বপূর্ণ’রাড্ডা মেডিকেল সেন্টারে হামলার ঘটনাকে শুধু মিরপুরের বিচ্ছিন্ন ঘটনা হিসেবে না দেখার আহ্বান জানিয়ে আরমান বলেন, এটি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। হামলায় জড়িতদের বিচার নিশ্চিত করা গেলে দখল, চাঁদাবাজি ও অপরাধের সঙ্গে জড়িতদের কাছে সতর্কবার্তা যাবে বলেও মন্তব্য করেন তিনি।
হাসপাতালটি পুনর্নির্মাণের দাবি জানিয়ে তিনি বলেন, সরকারি ও আন্তর্জাতিক সহায়তায় এখানে আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।
ঢাকা-১৪ আসনসহ দেশের বিভিন্ন স্থানে দখল ও চাঁদাবাজির অভিযোগের তথ্য সংসদ সদস্যদের কাছে দেওয়ার আহ্বান জানিয়ে আরমান বলেন, এসব অভিযোগ সংসদে তুলে ধরা হবে এবং জড়িতদের বিচারের আওতায় আনার জন্য জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে।
দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের দাবিপ্রেস ব্রিফিংয়ে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনও হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। একই সঙ্গে রাড্ডা হাসপাতালটি আগের চেয়ে উন্নত ও আধুনিক মানে পুনর্নির্মাণের দাবি জানান তিনি।
সেলিম উদ্দিন বলেন, হাসপাতালের মতো একটি চিকিৎসাকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা অত্যন্ত গুরুতর। তার ভাষ্য অনুযায়ী, এ ঘটনায় শিশু, গর্ভবতী নারীসহ সাধারণ রোগীরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়েছেন।
তিনি সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে বলেন, তদন্তের নামে সময়ক্ষেপণ বা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন। প্রয়োজন হলে বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে নেওয়া এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কাছে অভিযোগ করার কথাও জানান তিনি।
সেলিম উদ্দিন আরও বলেন, হামলার ঘটনায় কোনো প্রভাবশালী ব্যক্তি বা মন্ত্রী জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনতে হবে।
আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগরাড্ডা হাসপাতাল পুনর্নির্মাণে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন বলে জানান সেলিম উদ্দিন। প্রয়োজন হলে ঢাকা মহানগরীর জনগণের কাছ থেকেও অর্থ সংগ্রহ করে হাসপাতালটি আধুনিক চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা বলেন তিনি।
তিনি জানান, ডা. শফিকুর রহমান ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত হাসপাতালটি পরিদর্শন করেছেন।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দিন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক ও ইয়াসিন আরাফাত, প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, মহানগর নেতা জামাল উদ্দিন, নাসির উদ্দীন, ডা. মঈন উদ্দীন ও জিএম হাফিজুর রহমান।

প্রথম দর্পণ,ডেস্ক