স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনটি সেতুর নির্মাণকাজ শুরু হলেও ভূমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণসংক্রান্ত জটিলতা নিরসন না হওয়ায় অগ্রগতি থেমে গেছে। কোথাও নদীর মধ্যে শুধু সেতুর পিলার দাঁড়িয়ে আছে, আবার কোথাও জমির মালিকদের আপত্তিতে নির্মাণকাজ বন্ধ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, জমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণের বিষয়টি নিষ্পত্তি না করেই নির্মাণকাজ শুরু করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের অভাবেও সংকট দীর্ঘায়িত হচ্ছে।
কুতুবপুর সেতুতে অগ্রগতি ৪০ শতাংশএলজিইডির তথ্য অনুযায়ী, প্রায় ২৯ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে ৯০ মিটার দীর্ঘ কুতুবপুর সেতুর নির্মাণকাজ শুরু হয় ২০২৩ সালের অক্টোবরে। ২০২৫ সালের অক্টোবরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত অগ্রগতি মাত্র ৪০ শতাংশ। ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতা ও প্রশাসনিক অনিশ্চয়তায় কাজ এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। ফলে স্থানীয় বাসিন্দাদের বিকল্প ঝুঁকিপূর্ণ পথে চলাচল করতে হচ্ছে।
ক্ষতিপূরণ নিয়ে মামলায় আটকে চান্দেরচর সেতুচান্দেরচর এলাকায় প্রায় ১০ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ৬৬ মিটার দীর্ঘ আরেকটি সেতুর নির্মাণকাজ শুরু হয় ২০২৩ সালের নভেম্বরে। ২০২৫ সালের মে মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও বর্তমানে অগ্রগতি ৫০ শতাংশ।
জমির ক্ষতিপূরণ নিয়ে মামলা চলমান থাকায় সেতুটির নির্মাণকাজে অচলাবস্থা তৈরি হয়েছে। উমেদপুর, ভদ্রাসন, কুতুবপুর ও কাঁঠালবাড়ী ইউনিয়নের বাসিন্দাদের যোগাযোগের জন্য সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
স্থানীয় ভ্যানচালক কামাল হোসেন বলেন, বর্ষা মৌসুমে বিকল্প সড়কে পানি উঠে যায়। এতে চলাচলে সমস্যা হওয়ার পাশাপাশি প্রায়ই দুর্ঘটনা ঘটে।
জমির মালিক আলমগীর মৃধা বলেন, ‘আমরা চাই সেতু হোক, কিন্তু তার আগে আমাদের ন্যায্য ক্ষতিপূরণ বুঝিয়ে দেওয়া হোক।’
৯৮ কোটি টাকার সেতুর কাজও বন্ধআড়িয়াল খাঁ নদের ওপর নির্মাণাধীন কলাতলা-নিলখী সেতুর অবস্থাও একই। এলজিইডির তত্ত্বাবধানে প্রায় ৯৮ কোটি টাকা ব্যয়ে ৬৭০ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণকাজ শুরু হয় ২০২৩ সালের অক্টোবরে। ২০২৬ সালের সেপ্টেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও জমিসংক্রান্ত বিরোধে বর্তমানে নির্মাণকাজ বন্ধ রয়েছে। প্রকল্পটির অগ্রগতি মাত্র ৩৫ শতাংশ।
সেতুটি নির্মিত হলে শিবচর ও রাজৈর উপজেলার মধ্যে যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি যাতায়াতের দূরত্ব উল্লেখযোগ্যভাবে কমে আসত।
ভুক্তভোগী আফজাল শিকদার বলেন, সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়হীনতার কারণে কৃষিজীবী মানুষ জমির ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।
দ্রুত জটিলতা নিরসনের আশ্বাসএলজিইডি সূত্র জানায়, ভূমি অধিগ্রহণের প্রস্তাব ও প্রয়োজনীয় কাগজপত্র জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। তবে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া চূড়ান্ত হওয়ার আগেই নির্মাণকাজ শুরু করায় জমির শ্রেণি, মূল্য নির্ধারণ ও মালিকানাসংক্রান্ত জটিলতা তৈরি হয়েছে।
শিবচর উপজেলা প্রকৌশলী মো. ইমন মোল্লা বলেন, ভূমি জটিলতার কারণে তিনটি সেতুর কাজ বাধাগ্রস্ত হচ্ছে। দ্রুত সমস্যা সমাধানে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও চেষ্টা চালানো হচ্ছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ আশরাফুল আলম বলেন, জমির প্রকৃতি ও নদীর সীমানা নিয়ে কিছু জটিলতা রয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র ভূমি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রক্রিয়াগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সব ক্ষেত্রে স্বাভাবিক গতিতে কাজ চালানো কঠিন।
এদিকে স্থানীয়দের দাবি, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ঠিকাদারি ব্যবস্থাপনায় তৈরি হওয়া অনিশ্চয়তাও প্রকল্পগুলোর অগ্রগতিতে প্রভাব ফেলেছে। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত ভূমি জটিলতা নিরসন, জমির মালিকদের ন্যায্য ক্ষতিপূরণ প্রদান এবং সেতুগুলোর নির্মাণকাজ শেষ করে নিরাপদ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।

প্রথম দর্পণ,ডেস্ক