জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বিএনপি গণঅভ্যুত্থান ও গণভোটের রায়ের সঙ্গে প্রতারণা করেছে। তাঁর দাবি, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করলে বিএনপি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবে না।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে গাইবান্ধা জেলা পরিষদ হলরুমে এনসিপির আঞ্চলিক সমন্বয় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা মনে করি, বিএনপি এখনো গায়ের জোরে ক্ষমতায় আছে। অতীতেও দেখা গেছে, গায়ের জোরে অনেকে ক্ষমতায় থাকলেও শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকতে পারেনি।’
তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এনসিপি কর্মসূচি পালন করছে। দলটি স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে সার্বিক প্রস্তুতি নিয়েছে। এ লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ও করা হচ্ছে। বিএনপিকে পাঁচ বছর ক্ষমতায় থাকতে হলে গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
অনৈক্য সৃষ্টির জন্য বিএনপিকে দায়ী
দেশে রাজনৈতিক অনৈক্য সৃষ্টির জন্য বিএনপির ভূমিকা খতিয়ে দেখার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্টের পর কারা নিজেদের ক্ষমতা ও চেয়ার নিয়ে বেশি চিন্তা করেছে, আর কারা দেশের পরিবর্তন ও সংস্কারের কথা ভাবেনি, তা বিবেচনা করতে হবে। যারা দেশ সংস্কারের পরিবর্তে ক্ষমতায় যাওয়াকে প্রাধান্য দিয়েছে, তারাই অনৈক্য তৈরি করেছে।
তিনি বলেন, এখন বিএনপি জাতীয় ঐক্যের কথা বলছে, যখন তারা আওয়ামী লীগকে মোকাবিলা করতে পারছে না। এনসিপি ফ্যাসিস্ট সরকারের পতন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা এবং বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। এসব পদক্ষেপ ছাত্র আন্দোলনের ফল। তবে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি এ পর্যন্ত কী পদক্ষেপ নিয়েছে, সেই প্রশ্নও তোলেন তিনি।
আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ
বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার অভিযোগ তুলে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, নির্বাচনের আগে ও পরেও আওয়ামী লীগের সঙ্গে বিএনপির সমঝোতার বিষয়টি দেখা গেছে। এ অবস্থান থেকে বিএনপির সরে আসা উচিত।
নাহিদ ইসলাম বলেন, জিয়াউর রহমান আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিয়ে যে ভুল করেছিলেন, তার রাজনৈতিক মূল্য বিএনপিকে দিতে হয়েছে। এর পরিণতিতে তারেক রহমানকে ১৬ বছর দেশের বাইরে থাকতে হয়েছে এবং বেগম খালেদা জিয়াকে বছরের পর বছর কারাগারে কাটাতে হয়েছে।
তিনি আরও বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে বিএনপি শিক্ষা না নিলে ভবিষ্যতে কী পরিণতি হবে, তা বলা কঠিন।
এ সময় নাহিদ ইসলামের সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ড. আতিক মুজাহিদ এমপি, ডা. মো. কামরুল ইসলাম দর্পণ, মো. মোশারফ হোসাইনসহ এনসিপির অন্যান্য নেতা।
পরে জেলা পরিষদ মিলনায়তনে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নবিষয়ক আঞ্চলিক সমন্বয় সভায় যোগ দেন নাহিদ ইসলাম।

প্রথম দর্পণ,ডেস্ক