নারী শিক্ষার্থীদের ওপর গভীর রাতে পুলিশের লাঠিচার্জের ঘটনায় দেশে আদৌ কোনো সরকারব্যবস্থা আছে কি না, সেই প্রশ্ন তুলেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) ছাত্রীদের আন্দোলনে পুলিশের বলপ্রয়োগের ঘটনায় উদ্বেগ জানিয়ে শনিবার (৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন তোলেন।
পোস্টে শফিকুর রহমান বলেন, গভীর রাতে নারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনা দেখার মতো দেশে কেউ নেই কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।
তিনি বলেন, হলের আসন পুনর্বহাল, আবাসন সংকট নিরসন ও প্রাতিষ্ঠানিক হয়রানি বন্ধের মতো যৌক্তিক দাবিতে আন্দোলনরত ছাত্রীদের সঙ্গে আলোচনা না করে পুলিশ দিয়ে বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ছাত্রীদের হোস্টেলে পুরুষ পুলিশ সদস্যদের প্রবেশ করে লাঠিচার্জের ঘটনাকে আরও উদ্বেগজনক উল্লেখ করে জামায়াত আমির প্রশ্ন করেন, দেশে আসলেই কোনো সরকারব্যবস্থা আছে কি না।
পোস্টে তিনি ঘটনার অবিলম্বে সুষ্ঠু তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো পূরণের আহ্বান জানান।
শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদী কায়দায় জনগণের ওপর দমন-পীড়ন চালানোর সংস্কৃতি আর চলতে পারে না।

প্রথম দর্পণ,ডেস্ক