সিলেটের বন্ধ পাথর কোয়ারিগুলো পুনরায় চালু হলে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে এবং দেশের পাথর আমদানিনির্ভরতা কমবে। দীর্ঘ ছয় বছর ধরে পাথর উত্তোলন বন্ধ থাকায় কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাটের বিপুলসংখ্যক শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। বিপর্যস্ত হয়ে পড়েছে পাথর উত্তোলন, পরিবহন ও ক্রাশিংয়ের সঙ্গে জড়িত ব্যবসা-বাণিজ্য। লোকসান ও ঋণের চাপে অনেক ব্যবসায়ীও নিঃস্ব হয়েছেন।
সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দাবি, পরিবেশ ও প্রচলিত আইন মেনে পাথর কোয়ারিগুলো পুনরায় চালু করা হলে লাখো মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে গতি ফিরবে এবং আমদানিতে ব্যয় হওয়া বিপুল অর্থ সাশ্রয়ের সুযোগ সৃষ্টি হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২০ সালের আগে সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাটের বিভিন্ন কোয়ারি থেকে বছরে প্রায় ৫০ লাখ টন পাথর উত্তোলন করা হতো। এতে দেশের মোট পাথরের চাহিদার প্রায় ৮০ শতাংশ পূরণ হতো বলে দাবি সংশ্লিষ্টদের। কিন্তু কোয়ারিগুলো বন্ধ হয়ে যাওয়ার পর পাথরের চাহিদা মেটাতে আমদানির ওপর নির্ভরতা বেড়েছে। বর্তমানে বছরে পাঁচ থেকে ছয় হাজার কোটি টাকার পাথর আমদানি করতে হচ্ছে।
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ঋণের চাপে ব্যবসায়ীরা
পাথর উত্তোলন বন্ধ থাকায় শুধু শ্রমিকরাই নন, ক্ষতিগ্রস্ত হয়েছেন সংশ্লিষ্ট এলাকার ব্যবসায়ী ও পরিবহন খাতের সঙ্গে জড়িত মানুষও। পাথর পরিবহন, ক্রাশিং, আবাসন ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে।
অনেক ব্যবসায়ী ব্যাংকঋণ পরিশোধ করতে না পেরে ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতভিটা হারিয়েছেন। কর্মসংস্থানের অভাবে অনেকে জীবিকার সন্ধানে বিদেশে পাড়ি জমাচ্ছেন।
কোয়ারি চালুর আশ্বাস মন্ত্রীর
সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী নির্বাচনের আগে পাথর কোয়ারি চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে আইনি জটিলতার কারণে তাৎক্ষণিকভাবে কোয়ারি চালু করা সম্ভব হয়নি। সংশ্লিষ্টদের বরাতে জানা গেছে, চলতি মৌসুমে পাথর উত্তোলন শুরুর আশ্বাস দিয়েছেন তিনি।
কোয়ারি ইজারা নিয়ে বিশেষজ্ঞ কমিটির পর্যালোচনা
এদিকে সিলেট ও সুনামগঞ্জের পাথর কোয়ারিগুলো সীমিত পরিসরে পুনরায় ইজারা দেওয়ার বিষয়টি পর্যালোচনায় গত ৭ মে উচ্চপর্যায়ের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে সরকার।
সিলেট বিভাগীয় কমিশনারের নেতৃত্বে গঠিত কমিটি ইতোমধ্যে সংশ্লিষ্ট কোয়ারি এলাকা পরিদর্শন করে প্রতিবেদন জমা দিয়েছে বলে জানা গেছে। তবে কোয়ারিগুলো পুনরায় চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সিলেট বিভাগীয় পাথরসংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আব্দুল জলিল বলেন, দীর্ঘদিন ধরে বৈধভাবে পাথর উত্তোলনের সুযোগ চাওয়া হচ্ছে। কোয়ারি বন্ধ থাকায় অধিকাংশ ব্যবসায়ী ঋণের চাপে বিপর্যস্ত। পরিবেশ ও আইন মেনে দ্রুত কোয়ারি চালুর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
সংশ্লিষ্টদের মতে, পরিবেশের ভারসাম্য রক্ষা, নদী ও প্রতিবেশের ক্ষতি প্রতিরোধ এবং আইনসম্মত পদ্ধতিতে পাথর উত্তোলন নিশ্চিত করে কোয়ারিগুলো চালু করা গেলে সিলেট অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি ফিরতে পারে। একই সঙ্গে স্থানীয় শ্রমবাজারে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
তথ্যসূত্র:কোম্পানীগঞ্জ (সিলেট); সংশ্লিষ্ট ব্যবসায়ী-শ্রমিক সংগঠনের বক্তব্য ও প্রকাশিত প্রতিবেদন।

প্রথম দর্পণ,ডেস্ক