প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, মহাসড়কটি ৩৪ ফুট প্রশস্ত করা হবে। পাশাপাশি সড়কের দুই পাশে তিন ফুট করে মোট ছয় ফুট জায়গা পথচারীদের চলাচলের জন্য রাখা হবে।
প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণের প্রক্রিয়াও শুরু হয়েছে। বাঁশখালী অংশে ৩০ দশমিক ৪০ হেক্টর জমি, অর্থাৎ প্রায় ১৯৫ কানি ভূমি অধিগ্রহণের পরিকল্পনা রয়েছে। এ জন্য সড়কের পাশে থাকা মসজিদ, মন্দির, দোকানপাট ও বসতবাড়ির তালিকা প্রণয়ন করা হচ্ছে।
চার উপজেলায় ভূমি অধিগ্রহণ
জানা গেছে, আনোয়ারা উপজেলার কালাবিবির দিঘি থেকে বাঁশখালী, টইটং, পেকুয়া, বদরখালী হয়ে চকরিয়ার ঈদমনি পর্যন্ত বিস্তৃত হবে এই মহাসড়ক। আনোয়ারা, পেকুয়া ও চকরিয়া অংশে ভূমি অধিগ্রহণের কাজ সম্পন্ন হলেও বাঁশখালী অংশে এ প্রক্রিয়া তুলনামূলক ধীরগতিতে এগোচ্ছে।
দ্রুত ভূমি অধিগ্রহণ সম্পন্ন করে প্রকল্পের কাজ এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
কর্ণফুলী টানেলের ব্যবহার বাড়ানোর লক্ষ্য
চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, কর্ণফুলী টানেলকে বহুমুখী ব্যবহার উপযোগী করা এবং বিদ্যমান চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যানবাহনের চাপ কমানোর লক্ষ্যে বিকল্প এই আঞ্চলিক মহাসড়ক নির্মাণ ও প্রশস্তকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সড়ক ও জনপথ অধিদপ্তর চট্টগ্রাম জোনের প্রকল্প পরিচালক (পিডি) আবদুল আলম জানান, কালাবিবির দিঘি থেকে চকরিয়ার ঈদমনি পর্যন্ত ৫৮ দশমিক ২০ কিলোমিটার সড়ক প্রশস্ত ও উন্নীতকরণের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) সড়ক ও জনপথ অধিদপ্তরে গৃহীত হয়েছে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ হাজার ১৮৩ কোটি টাকা।
যোগাযোগব্যবস্থায় নতুন সম্ভাবনা
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে বিকল্প যোগাযোগব্যবস্থা গড়ে উঠবে। বাঁশখালী হয়ে কক্সবাজার যাতায়াতের দূরত্ব কমবে। পাশাপাশি যানজট ও দুর্ঘটনা কমার সম্ভাবনা রয়েছে। এতে লাখ লাখ মানুষ উপকৃত হবেন।
স্থানীয় সংসদ সদস্য মাওলানা জহিরুল ইসলাম বলেন, বাঁশখালী আঞ্চলিক মহাসড়ক সম্প্রসারণ এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি। এ কাজে কাউকে হুমকি দেওয়ার প্রশ্নই আসে না। ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের যথাযথ ক্ষতিপূরণ দিয়েই প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে সড়ক যোগাযোগে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।

প্রথম দর্পণ,ডেস্ক