মঙ্গলবার (১০ নভেম্বর) আইন ও বিচার বিভাগের বিচার শাখা-৬ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত মোল্লা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, রায়হান হাবিব এর আগে চট্টগ্রামের সীতাকুণ্ডে সাব-রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি টাঙ্গাইলের ভূঞাপুরে একই পদে কর্মরত ছিলেন। তাঁর বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ২(খ)-এ সংজ্ঞায়িত অসদাচরণ এবং বিধি ৩(খ)-এর অসদাচরণ ও ৩(ঘ)-এর দুর্নীতিপরায়ণতার অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগে তাঁর বিরুদ্ধে ৬/২০২৬ নম্বর বিভাগীয় মামলা করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, অভিযোগের মাত্রা ও প্রকৃতি বিবেচনায় বিভাগীয় মামলার সুষ্ঠু তদন্ত ও নিষ্পত্তির স্বার্থে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২(১) এবং সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯(১) ধারা অনুযায়ী তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিভাগীয় মামলা চলাকালে তিনি নিবন্ধন অধিদপ্তরে সংযুক্ত থাকবেন। এ সময় বিধি অনুযায়ী খোরাকি ভাতাসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
৬৫টি জমির দলিল নিবন্ধন নিয়ে অভিযোগ
এদিকে, রায়হান হাবিবের বিরুদ্ধে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে এনআরবির এক কর্মকর্তা হত্যা মামলার আসামি এবং আলীনগরে ইয়াসিন বাহিনীর প্রধান মো. ইয়াসিনের নামে বিপুলসংখ্যক জমির দলিল নিবন্ধনের অভিযোগ রয়েছে।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ অক্টোবর ইয়াসিনের নামে ৬৫টি জমির বিক্রয় দলিল নিবন্ধন করে দেন রায়হান হাবিব। বদলির আগে এসব দলিল নিবন্ধন করা হয়। এ কাজে তাঁর বিরুদ্ধে মোটা অঙ্কের ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে।
তবে এসব অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্তের চূড়ান্ত ফলাফল এখনো প্রকাশিত হয়নি।

প্রথম দর্পণ,ডেস্ক