বাড়িটি ঘিরে এলাকায় প্রচলিত রয়েছে নানা গল্প। কেউ বলেন, গভীর রাতে শোনা যায় অস্বাভাবিক শব্দ, আবার কেউ দাবি করেন, মাঝেমধ্যে বাড়ি থেকে ধোঁয়া বের হতে দেখেছেন। এমনকি ভাড়াটিয়া এলেও বেশিদিন থাকতে পারেন না বলেও রয়েছে জনশ্রুতি। তবে দীর্ঘদিনের অনুসন্ধানে এসব অতিপ্রাকৃত গল্পের কোনো প্রত্যক্ষ প্রমাণ মেলেনি। বরং বাড়িটির মালিকপক্ষ জানিয়েছে, ব্যবসায়িক প্রয়োজনে দীর্ঘদিন ধরে ভবনটি গোডাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে।
রাজধানীর লালবাগ রোডের ২৩ নম্বর ওয়ার্ডের পিলখানা মহল্লার ২১২/৪-জে নম্বরের বাড়িটির মালিক ওয়াহিদুর রহমান। প্রায় ৪০ বছর আগে তার বাবা লুৎফর রহমান বাড়িটি নির্মাণ করেন। ২০০০ সালে লুৎফর রহমানের মৃত্যুর পর থেকে বাড়িটির ওপরের তলাগুলো মূলত মার্বেল পাথর ও টাইলসের গোডাউন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
গোডাউন ব্যবহারের কারণে আবাসিক ভাড়া দেওয়া হয়নি
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে সরেজমিনে দেখা যায়, ব্যস্ত জনবহুল এলাকার মধ্যেই বাড়িটির অবস্থান। তবে ভবনের ওপরের তলাগুলোতে বসবাসের কোনো দৃশ্যমান চিহ্ন নেই। বাইরে থেকে বাড়িটিকে অপরিচ্ছন্ন ও অনেকটা জরাজীর্ণ মনে হয়। জানালা-বারান্দার আশপাশে জমেছে ধুলাবালি ও মাকড়সার জাল।
বাড়িটির নিচতলার একাংশে ২০১০ সাল থেকে পরিবার নিয়ে বসবাস করছেন মালিকপক্ষের কোম্পানির ম্যানেজার আসাদুজ্জামান নয়ন। ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা ব্যবহার করা হচ্ছে মার্বেল পাথর ও টাইলসের গোডাউন হিসেবে।
বাড়ির মালিকের প্রতিনিধি আসাদুজ্জামান নয়ন জানান, বাড়িটির বয়স প্রায় ৪০ বছর। মালিক ওয়াহিদুর রহমান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। লালবাগ এলাকায় তাদের আরও জায়গাজমি, দোকানপাট ও বাড়িঘর রয়েছে। ব্যবসায়িক প্রয়োজনে গোডাউন হিসেবে ব্যবহার করায় এতদিন বাড়িটি আবাসিকভাবে ভাড়া দেওয়ার প্রয়োজন হয়নি।
তিনি বলেন, বাড়িটিতে ভূত বা জিনের কোনো বিষয় নেই। দীর্ঘদিন মানুষের বসবাস না থাকা এবং ভবনের অপরিচ্ছন্ন পরিবেশের কারণেই স্থানীয়দের মধ্যে এমন ধারণা তৈরি হয়েছে।
সংস্কার করে ভাড়া দেওয়ার উদ্যোগ
দীর্ঘদিনের অব্যবহৃত অবস্থা কাটিয়ে বাড়িটি নতুন করে ব্যবহারের পরিকল্পনা করছে মালিকপক্ষ। ভবনটি সংস্কার করে আবাসিক, অফিস কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে ভাড়া দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবার নিয়েও বসবাসের সুযোগ থাকবে।
এ জন্য ২৪ লাখ টাকা অগ্রিম এবং মাসিক ভাড়া আড়াই লাখ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানান আসাদুজ্জামান নয়ন।
স্থানীয়দের মুখে নানা গল্প
বাড়িটির পাশের বাসিন্দা মো. মামুন জানান, ছোটবেলা থেকেই তিনি বাড়িটিকে প্রায় একই অবস্থায় দেখে আসছেন। দীর্ঘদিন ধরে সেখানে মানুষের বসবাস বা স্বাভাবিক আনাগোনা নেই। এ কারণেই স্থানীয়দের মধ্যে বাড়িটি নিয়ে রহস্যের ধারণা তৈরি হয়েছে।
বাবু নামের স্থানীয় এক যুবকের দাবি, সন্ধ্যার পর বাড়িটিতে কখনো আলো জ্বলতে দেখা যায় না। মাঝেমধ্যে বাড়ি থেকে ধোঁয়া বের হতেও দেখেছেন বলে জানান তিনি। এ ছাড়া রাতে অস্বাভাবিক শব্দ হওয়া এবং ভাড়াটিয়ারা বেশিদিন থাকতে না পারার কথাও এলাকায় প্রচলিত রয়েছে। তবে এসব দাবির পক্ষে কোনো প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি।
অন্যদিকে বাড়িটির পাশের দোকানি আব্দুল জলিল জানান, প্রায় দুই বছর ধরে ওই এলাকায় থাকলেও তিনি নিজে বাড়িটিতে কোনো অস্বাভাবিক ঘটনা দেখেননি। তার মতে, দীর্ঘদিন বাড়িটি অপরিচ্ছন্ন ও জনশূন্য পড়ে থাকায় মানুষের মধ্যে ভূতের বাড়ি হিসেবে পরিচিতি পেয়েছে।
২০০০ সালের পর বদলে যায় বাড়ির চিত্র
এলাকার প্রায় ৭০ বছর বয়সি দোকানি মো. ইসহাক জানান, বাড়িটি নির্মাণ করেছিলেন লুৎফর রহমান। তিনি পরিবার নিয়ে সেখানেই বসবাস করতেন। ২০০০ সালে তার মৃত্যুর পর থেকে বাড়িটি মূলত মার্বেল পাথর ও টাইলসের ব্যবসার কাজে গোডাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে।
ইসহাকের ভাষ্য, বাড়িটির মালিক পরিবারের ওই এলাকায় আরও সম্পত্তি রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে একই এলাকায় থাকলেও বাড়িটিতে কোনো ভাড়াটিয়াকে বসবাস করতে দেখেননি।
রহস্যের চেয়ে বাস্তবতা ভিন্ন
স্থানীয়দের মুখে বাড়িটি নিয়ে নানা গল্প প্রচলিত থাকলেও মালিকপক্ষের বক্তব্য এবং স্থানীয়দের তথ্য থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে আবাসিক কাজে ব্যবহার না হওয়াই বাড়িটির বর্তমান অবস্থার প্রধান কারণ। ব্যবসায়িক প্রয়োজনে গোডাউন হিসেবে ব্যবহার, মালিকের বিদেশে অবস্থান এবং ভবনের অপরিচ্ছন্ন পরিবেশ বাড়িটিকে ঘিরে রহস্যের আবহ তৈরি করেছে।
অস্বাভাবিক শব্দ, ধোঁয়া কিংবা ভাড়াটিয়াদের চলে যাওয়ার বিষয়ে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। ফলে বাড়িটি নিয়ে প্রচলিত ভূত-জিনের গল্পের বাস্তব ভিত্তি স্পষ্ট নয়।
মালিকপক্ষ সংস্কার করে বাড়িটি আবার ব্যবহারের উপযোগী করার উদ্যোগ নিয়েছে। সেখানে নতুন করে মানুষের বসবাস শুরু হলে হয়তো দীর্ঘদিনের অন্ধকার ও নীরবতা কাটবে। তবে স্থানীয়দের মুখে ‘ভূতের বাড়ি’ হিসেবে পরিচিতি পাওয়া ভবনটির সেই পুরোনো গল্প কতটা মুছে যাবে, সেটিই এখন দেখার বিষয়।

প্রথম দর্পণ,ডেস্ক