রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা শঙ্কা: অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২০ নভেম্বর ২০২৬, ০৩:১৮ দুপুর
  • ১০১২৪ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জেলার সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সব ধরনের ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ডের সচিব মো. মোরাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ষষ্ঠ জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ও ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখা হয়েছিল। একই সভার সিদ্ধান্তের আলোকে জেলার সার্বিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের ক্লাস ও পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ক্যাম্পাসে ছাত্রলীগের মিছিল, বাড়ে উদ্বেগ

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তের পেছনে রয়েছে কয়েক দিনের আন্দোলন ও ক্যাম্পাসের উত্তেজনাকর পরিস্থিতি। বৃহস্পতিবার দুপুরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ক্যাম্পাসে মিছিল ও স্লোগানের ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে প্রশাসনিক ভবনের পাশ দিয়ে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে গিয়ে কর্মসূচি শেষ করেন। এ সময় তাঁরা ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন। আওয়ামী লীগের কয়েকজন নেতার নামেও স্লোগান দিতে দেখা যায় তাঁদের।

মিছিল শেষে দেওয়া বক্তব্যে নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় করার দাবি জানান। আগামী সাত কর্মদিবসের মধ্যে নাম পরিবর্তন এবং বিভিন্ন দপ্তরে বঙ্গবন্ধুর ছবি পুনঃস্থাপন করা না হলে নিজেরাই এসব কর্মসূচি বাস্তবায়নের হুঁশিয়ারি দেন তাঁরা।

প্রধান ফটকের সামনে অস্ত্র হাতে মিছিলের অভিযোগ

এর আগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে দেশীয় অস্ত্র হাতে মিছিলের ঘটনাও ঘটে বলে জানা গেছে।

এদিকে ক্যাম্পাসের উত্তেজনাকর পরিস্থিতিতে নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন শিক্ষার্থীদের অনেকে। তাঁদের অভিযোগ, এমন পরিস্থিতির মধ্যেও আনসার সদস্য ছাড়া অন্য কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ক্যাম্পাসে উপস্থিতি দেখা যায়নি।

চলমান রাজনৈতিক উত্তেজনা, ক্যাম্পাসে মিছিল এবং নিরাপত্তা নিয়ে উদ্বেগের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।





কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad