বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে মিছিলকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক মিজুসহ অন্তত আটজন আহত হয়েছেন। এ সময় কয়েকটি মুঠোফোনও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ভেতরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত ৮টার দিকে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক মিজু হলের কয়েকজন জুনিয়র শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে মিছিল বের করার উদ্যোগ নেন। এ সময় হলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এএম শোয়াইবের অনুসারী তায়েফ মাহমুদ ও সিফাতের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি হুমকির ঘটনা ঘটে।
পরে মিছিল শেষে হলে ফেরার পর দুই পক্ষের মধ্যে আবারও বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন বলে জানিয়েছেন হলের এক শিক্ষার্থী।
একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগআহত ছাত্রদল নেতা মেজবাউল হক মিজুর অভিযোগ, ছাত্রদলের সদস্যসচিব শফিকুল ইসলাম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এএম শোয়াইবের অনুসারীরা তাঁর ওপর অতর্কিত হামলা চালিয়েছেন। যুগ্ম আহ্বায়ক তায়েফ মাহমুদ ও সিফাতের নেতৃত্বে সোহরাওয়ার্দী হলের ২০ থেকে ৩০ জন এবং মাওলানা ভাসানী হলের ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী এ হামলায় অংশ নেন বলে দাবি করেন তিনি।
মিজু আরও অভিযোগ করেন, বুধবার শফিকুল ইসলাম তাঁকে হত্যার হুমকি দিয়েছিলেন। পরদিনই তাঁর ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তাঁর একটি মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. তায়েফ মাহমুদ বলেন, কেন্দ্রীয় নেতাদের অনুমতি ছাড়া মিজু মিছিল বের করেন। এ বিষয়ে জানতে চাইলে মিজু কেন্দ্রীয় নেতৃত্ব মানেন না বলে জানান। একপর্যায়ে মিজুর অনুসারীরা তাঁর ও সিফাতসহ কয়েকজনের ওপর হামলা করেন। পরে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন।
তায়েফের দাবি, গত ৫ নভেম্বরও মিজুর অনুসারীরা তাঁদের ওপর একইভাবে হামলা করেছিলেন।
অভিযোগ অস্বীকার শফিকুল ও শোয়াইবেরহামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করেছেন বাকৃবি শাখা ছাত্রদলের সদস্যসচিব কৃষিবিদ মো. শফিকুল ইসলাম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের তিনটি হলের দায়িত্ব সংগঠনের নেতাদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। সোহরাওয়ার্দী হলের দায়িত্বে রয়েছেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক এএম শোয়াইব। ওই ঘটনায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই। ঘটনার সময় তিনি ক্যাম্পাসেও উপস্থিত ছিলেন না বলে দাবি করেন।
অন্যদিকে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এএম শোয়াইব বলেন, হামলার সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই। মিজু ছাত্রলীগের সাবেক সভাপতি তায়েফুর রহমান রিয়াদের অনুসারী দাবি করে তিনি বলেন, ছাত্রদলকে প্রশ্নবিদ্ধ করতেই এ ধরনের অভিযোগ তোলা হচ্ছে। হলের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলেই প্রকৃত ঘটনা জানা যাবে।
ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনেরঘটনার বিষয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। তাই প্রথমে হলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্ত করা হবে। এরপর সংশ্লিষ্টদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

প্রথম দর্পণ,ডেস্ক