গত ১৫ নভেম্বর জারি করা ‘যৌথ বাহিনী নির্দেশাবলি ০১/২০২৬’ (জেএসআই ০১/২০২৬)-এ এসব তথ্য উঠে এসেছে। এর আগে ২০১৬ সালে জারি করা নির্দেশাবলির আলোকে সশস্ত্র বাহিনীর সদস্যদের বেতন-ভাতা নির্ধারিত হয়ে আসছিল।
নতুন কাঠামো অনুযায়ী, জাতীয় বেতন স্কেলে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা নির্ধারণ করা হলেও সশস্ত্র বাহিনীর ক্ষেত্রে তা ২১ হাজার ৪০০ টাকা করা হয়েছে। বার্ষিক ইনক্রিমেন্টের মাধ্যমে এ বেতন সর্বোচ্চ ৫১ হাজার ৯০০ টাকায় উন্নীত হতে পারে। তবে বাহিনীপ্রধানদের মূল বেতন নির্ধারিত থাকবে।
বিভিন্ন পদে বেতন বৃদ্ধিযৌথ বাহিনী নির্দেশাবলির তথ্য অনুযায়ী, নতুন কাঠামোয় ল্যান্স করপোরালের প্রারম্ভিক মূল বেতন ২৩ হাজার ৫০০ টাকা, করপোরালের ২৮ হাজার টাকা, ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার টাকা, সিনিয়র ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার ৫০০ টাকা এবং মাস্টার ওয়ারেন্ট অফিসারের ৪৫ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
মাস্টার ওয়ারেন্ট অফিসারের মূল বেতন আগের ২২ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ৪৫ হাজার ৫০০ টাকা হয়েছে। বৃদ্ধির হার ১০২ দশমিক ২২ শতাংশ। অনারারি লেফটেন্যান্টের মূল বেতন ৭৬ হাজার ৯৬০ টাকা এবং অনারারি ক্যাপ্টেনের ৮৫ হাজার ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
তিন বাহিনীর প্রধানদের বেতনও দ্বিগুণ হয়েছে। আগে তাঁদের মূল বেতন ছিল ৮৬ হাজার টাকা। নতুন কাঠামোয় তা ১ লাখ ৭২ হাজার টাকা করা হয়েছে। এ বেতন মন্ত্রিপরিষদ সচিব ও প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সমান।
সৈনিকদের বেতন বাস্তবায়নে অগ্রাধিকারনতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রথম ধাপে সৈনিক ও সার্জেন্টদের ক্ষেত্রে ৫০ শতাংশ বেতন বৃদ্ধি কার্যকর করা হয়েছে। অন্যদিকে, ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষেত্রে প্রথম ধাপে বাস্তবায়নের হার ৪০ শতাংশ।
সংশ্লিষ্টদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বেতন কাঠামোয় সৈনিক ও নিম্ন বেতন স্কেলের সদস্যদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। তবে বেতন বৃদ্ধির হার ও বিভিন্ন ভাতা নিয়ে সামাজিকমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগও উঠেছে।
প্রতিবেদনে বলা হয়, বাহিনীপ্রধান ও সাধারণ সৈনিকদের বেতনের ব্যবধান সামনে এনে ‘অফিসার বনাম সৈনিক’ বৈষম্যের অভিযোগ তোলা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন কাঠামোতে আগের বেতন স্কেলের কাঠামো অনুসরণ করা হয়েছে। বেসামরিক প্রশাসনসহ অন্যান্য ক্ষেত্রেও সর্বোচ্চ ও সর্বনিম্ন পদে কর্মরতদের বেতনে বড় ব্যবধান রয়েছে।
পেনশন ও চিকিৎসাভাতায় পরিবর্তননতুন নির্দেশাবলিতে চাকরিরত ও অবসরপ্রাপ্ত সদস্যদের বিভিন্ন ভাতা ও কল্যাণ সুবিধাও পুনর্নির্ধারণ করা হয়েছে। ন্যূনতম নিট পেনশন ১০ হাজার টাকা করা হয়েছে। বয়সভেদে চিকিৎসাভাতা ৩ হাজার থেকে ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, কয়েকটি ক্ষেত্রে ভাতা বৃদ্ধির হার তুলনামূলক কম হলেও অধিকাংশ ক্ষেত্রে বৃদ্ধি সন্তোষজনক। পাশাপাশি চারটি নতুন ভাতা সংযোজন করা হয়েছে। তবে কোন ভাতায় কত হারে বৃদ্ধি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
পদোন্নতি ও বেতন কাঠামো নিয়ে দীর্ঘদিনের অসন্তোষসশস্ত্র বাহিনীর সৈনিক ও নিম্ন বেতন স্কেলের সদস্যদের একটি অংশের দীর্ঘদিনের অভিযোগ, পদোন্নতির সুযোগ সীমিত থাকায় তাঁদের অনেককে একই পদে থেকে দীর্ঘ সময় বার্ষিক ইনক্রিমেন্টের ওপর নির্ভর করতে হয়। এতে সিনিয়র সৈনিক ও জুনিয়র কমিশন্ড অফিসাররা (জেসিও) আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন বলে তাঁদের দাবি।
বেসামরিক প্রশাসনে কর্মচারীরা পদোন্নতি বা উচ্চতর গ্রেড পেলে পরবর্তী গ্রেডের বেতন কাঠামোয় প্রবেশ করেন। কিন্তু সামরিক বাহিনীতে সৈনিক থেকে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত পদোন্নতি নির্ভর করে শূন্যপদ ও যোগ্যতার ওপর। ফলে পদোন্নতি না হলে একই পদে থেকে দীর্ঘ সময় বেতন বৃদ্ধির জন্য বার্ষিক ইনক্রিমেন্টের ওপর নির্ভর করতে হয়।
এ বিষয়ে এক সেনা কর্মকর্তা বলেন, সশস্ত্র বাহিনীর ক্যারিয়ার ও কমান্ড কাঠামো বেসামরিক প্রশাসনের মতো নয়। শৃঙ্খলা বজায় রাখতে শূন্যপদ ও যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া হয়। তবে পদোন্নতি না পেলেও যাতে কোনো সৈনিক বা জেসিওর বেতন স্থবির না থাকে, সে জন্য ১৯ থেকে ২০টি বার্ষিক ইনক্রিমেন্টের ধাপ রাখা হয়েছে।
তিনি জানান, এ ব্যবস্থায় একজন সৈনিক একই পদে থেকে ২১ হাজার ৪০০ টাকা থেকে ৫১ হাজার ৯০০ টাকা পর্যন্ত মূল বেতন পেতে পারেন। অনারারি লেফটেন্যান্ট ও অনারারি ক্যাপ্টেন পদে উন্নীত হলে মূল বেতন আরও বাড়ে।
দীর্ঘদিনের এসব অসামঞ্জস্যতা নিরসনে সশস্ত্র বাহিনী বেতন কমিটি সব পর্যায়ে ভার্টিক্যাল পে স্কেল চালুর সুপারিশ করেছে বলে জানা গেছে। বিভিন্ন সুপারিশ ও বিদ্যমান অসামঞ্জস্যতা পর্যালোচনার জন্য সার্ভিস কমিশন গঠনের পরামর্শও দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: ২২ নভেম্বর ২০২৬; ‘যৌথ বাহিনী নির্দেশাবলি ০১/২০২৬’ এবং সংশ্লিষ্টদের বক্তব্য।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক