যৌথ কমিটির ৯১তম বৈঠক ঢাকায় অনুষ্ঠিত; অভিন্ন নদীগুলোর পানিপ্রবাহ নিশ্চিত করতে ভারতের প্রতি
গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১২ ডিসেম্বর। চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে গঙ্গাসহ অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা ও স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে রোববার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ও ভারতের যৌথ কমিটির ৯১তম নিয়মিত বৈঠক। বৈঠকে ২০২৬ সালের গঙ্গা পানিবণ্টন চুক্তি বাস্তবায়নসংক্রান্ত বার্ষিক প্রতিবেদনও চূড়ান্ত করা হয়েছে। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে।
পানিসম্পদ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনার জন্য দুই দেশের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত যৌথ কমিটির বৈঠক প্রতি তিন মাস অন্তর অনুষ্ঠিত হওয়ার কথা। এরই ধারাবাহিকতায় ঢাকায় সর্বশেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশ পক্ষের নেতৃত্ব দেন যৌথ নদী কমিশন বাংলাদেশের সদস্য আনোয়ার কাদির। ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির যৌথ নদী কমিশনের সদস্য এবং নদী উন্নয়ন ও গঙ্গা পুনরুজ্জীবন বিভাগের কমিশনার শরদ চন্দ্র।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কারিগরি ও কর্মকর্তা পর্যায়ের এ বৈঠক তিন মাস পরপর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এর আগের বৈঠকটি গত মে মাসে ভারতের দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল।
৩০ বছরের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বরে
পানিসম্পদ মন্ত্রণালয়ের নথি অনুযায়ী, ভারতের পশ্চিমবঙ্গের ফারাক্কায় গঙ্গা নদীর ওপর ব্যারাজ নির্মাণের কাজ শুরু হয় ১৯৬২ সালে। ১৯৭০ সালে নির্মাণকাজ শেষ হলেও তৎকালীন পাকিস্তান সরকারের আপত্তির কারণে সেটি চালু করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে ১৯৭৫ সালের ২১ এপ্রিল পরীক্ষামূলকভাবে চালুর কথা বলে ব্যারাজটির মাধ্যমে পানি প্রত্যাহার শুরু করে ভারত।
ভারতের একতরফা পানি প্রত্যাহারের প্রতিবাদে বাংলাদেশে ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ হয়। এর পরিপ্রেক্ষিতে ১৯৭৭ সালে প্রথমবারের মতো দুই দেশের মধ্যে গঙ্গার পানি বণ্টন নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়। ওই চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতের মধ্যে ৩০ বছর মেয়াদি গঙ্গা পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়। আগামী ১২ ডিসেম্বর এ চুক্তির মেয়াদ শেষ হচ্ছে।
অভিন্ন নদীর পানিপ্রবাহ নিয়ে উদ্বেগ
এদিকে গঙ্গাসহ অভিন্ন নদীগুলোর পানিপ্রবাহ ও পানির ন্যায্য হিস্যা নিশ্চিত না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক ফারাক্কা কমিটির সভাপতি মোস্তফা কামাল মজুমদার।
তিনি আমার দেশকে বলেন, উজানের দেশ হিসেবে ভারত অভিন্ন নদীগুলোর পানিপ্রবাহকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। আন্তর্জাতিক আইন ও রীতিনীতি উপেক্ষা করে একতরফাভাবে পানি প্রত্যাহারের ফলে বাংলাদেশ পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
মোস্তফা কামাল মজুমদার বলেন, বর্ষা মৌসুমে বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে ফসলের ক্ষতি হচ্ছে। অন্যদিকে শুষ্ক মৌসুমে উজানে পানি আটকে রাখার ফলে কৃষিজমি, নদ-নদী ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর প্রভাবে পদ্মা ও তিস্তাসহ দেশের ছোট-বড় অনেক নদী পানিশূন্য হয়ে পড়ছে।
তিনি আরও বলেন, গঙ্গা পানিবণ্টন চুক্তি অনুযায়ী বাংলাদেশ প্রত্যাশিত পানির হিস্যা পাচ্ছে না। তার অভিযোগ, ফারাক্কা ব্যারাজ ছাড়াও গঙ্গা অববাহিকায় সাতটি ক্যানেলের মাধ্যমে প্রায় ৪০ হাজার কিউসেক পানি সরিয়ে নেওয়া হচ্ছে।
তার দাবি, গঙ্গা অববাহিকায় জলাধার, ক্রসড্যাম ও রেগুলেটরসহ অন্তত ৩৩টি অবকাঠামো নির্মাণের মাধ্যমে ভারত পানি প্রত্যাহার করছে। এ ছাড়া ভাগীরথী নদীর সঙ্গে সংযোগ স্থাপনের জন্য জঙ্গিপুরের কাছে প্রায় ৩৯ কিলোমিটার দীর্ঘ ফিডার ক্যানেল নির্মাণ করা হয়েছে। ফারাক্কা পয়েন্ট থেকে প্রায় ৪০ হাজার কিউসেক পানি হুগলি ও ভাগীরথী নদীর দিকে প্রবাহিত করাই এ প্রকল্পের উদ্দেশ্য বলে দাবি করেন তিনি।
গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে দুই দেশের আসন্ন আলোচনায় পানির ন্যায্য হিস্যা, শুষ্ক মৌসুমে পানিপ্রবাহ এবং অভিন্ন নদীগুলোর পানি ব্যবস্থাপনা বিশেষ গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্ট মহলে প্রত্যাশা করা হচ্ছে।

প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক