নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতি, রেলের সাবেক জিএম ইউসুফ মৃধার, কারাদণ্ড

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৩ নভেম্বর ২০২৬, ১০:৪৩ দুপুর
  • ১০২৪৭ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

বাংলাদেশ রেলওয়ের নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতির মামলায় রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় রেলওয়ের সাবেক প্রথম শ্রেণির কর্মকর্তা এসডব্লিউও গোলাম কিবরীয়াকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে অপর আসামি সরোয়ার হোসেনকে খালাস দিয়েছেন আদালত।


রোববার (২২ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন।


দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এনামুল ইসলাম জানান, মামলায় ২০ জন সাক্ষীর সাক্ষ্য ও উপস্থাপিত প্রমাণের ভিত্তিতে আদালত দুই আসামিকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় গোলাম কিবরীয়া আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। অন্যদিকে, পলাতক ইউসুফ আলী মৃধার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।


মামলার নথি সূত্রে জানা যায়, ২০১০ সালে বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রামের সিআরবি কার্যালয়ে রেকর্ড কিপারের একটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই পদে ১০৯ জন প্রার্থী আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ৭০ জন লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান। ২০১১ সালের ১৮ মার্চ চট্টগ্রাম ও রাজশাহী কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নেন ৩৭ জন। খাতা মূল্যায়ন শেষে চারজন প্রার্থী উত্তীর্ণ হন।


অভিযোগ অনুযায়ী, পরীক্ষার খাতা মূল্যায়নকারী শিক্ষকদের তৈরি করা মূল নম্বরপত্র নিয়োগ কমিটির কাছে জমা না দিয়ে রেলওয়ের তৎকালীন এসডব্লিউও গোলাম কিবরীয়া নিজেই আরেকটি নম্বরপত্র তৈরি করেন। এ সময় মূল নম্বরপত্রে ঘষামাজা ও নতুন করে লেখার মাধ্যমে কয়েকজন প্রার্থীর নম্বর পরিবর্তন করা হয়।


দুদকের অনুসন্ধানে দেখা যায়, লিখিত পরীক্ষায় প্রার্থী ইব্রাহিম খলিল ৪৬ নম্বর পেলেও তার নম্বর কমিয়ে ৪০ করা হয়। অন্যদিকে, নিয়োগ পাওয়া সরোয়ার হোসেনের নম্বর ৩১ দশমিক ৫ থেকে বাড়িয়ে ৩৭ দশমিক ৫ করা হয়। এতে মৌখিক পরীক্ষার নম্বরসহ মোট নম্বরে সরোয়ার এগিয়ে যান। পরে তাকে নিয়োগের সুপারিশ করা হলে তৎকালীন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা তা অনুমোদন করেন।


আলোচনায় আসেন ‘রেলের কালো বিড়াল’ হিসেবে


২০১২ সালে রেলওয়ের দুর্নীতি নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয় তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের একটি বক্তব্যকে কেন্দ্র করে। রেলের দুর্নীতি দূর করতে ‘কালো বিড়াল’ খুঁজে বের করার ঘোষণা দিয়েছিলেন তিনি।


এর কয়েক দিনের মধ্যে মন্ত্রীর তৎকালীন সহকারী একান্ত সচিব (পিএস) ওমর ফারুক তালুকদারের গাড়ি থেকে ৭৫ লাখ টাকা উদ্ধার করা হয়। ওই ঘটনায় ওমর ফারুকের পাশাপাশি রেলওয়ে পূর্বাঞ্চলের তৎকালীন মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা ও কমান্ড্যান্ট এনামুল হকের নাম আলোচনায় আসে। এরপর গণমাধ্যমে ইউসুফ মৃধা ‘রেলের কালো বিড়াল’ হিসেবে পরিচিতি পান। ওই ঘটনার পর সুরঞ্জিত সেনগুপ্ত মন্ত্রিত্ব হারান এবং ইউসুফ মৃধা চাকরিচ্যুত হন।


পরবর্তী সময়ে ইউসুফ মৃধার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, অবৈধ সম্পদ অর্জন ও বিভিন্ন দুর্নীতির অভিযোগে একাধিক তদন্ত ও মামলা হয়।


আগেও হয়েছে কারাদণ্ড


নিয়োগ পরীক্ষায় নম্বর জালিয়াতির মামলায় দেওয়া সাজাই ইউসুফ মৃধার বিরুদ্ধে প্রথম দণ্ড নয়। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় ২০১৬ সালের আগস্টে ঢাকার একটি আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেন।


এ ছাড়া রেলওয়েতে নিয়োগ ও দুর্নীতিসংক্রান্ত দুটি মামলায় ২০১৭ সালের এপ্রিলে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালত তাকে ও অন্য দুই আসামিকে চার বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। পরে তিনি হাইকোর্ট থেকে জামিন নিয়ে পলাতক রয়েছেন।


দুদকের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান ২০১৩ সালের ১১ ফেব্রুয়ারি বাদী হয়ে চট্টগ্রামের কোতোয়ালি থানায় এ মামলাটি করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। ২০১৮ সালের ২৫ এপ্রিল তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মামলার বিচার শুরু হয়। দীর্ঘ ১৩ বছর বিচারিক কার্যক্রম শেষে রোববার এ মামলার রায় ঘোষণা করা হলো।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad