স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে জনতার আবেগের প্রতি উপহাস আখ্যা ইসলামী আন্দোলনের
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, রামিসার নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিকে স্বরাষ্ট্রমন্ত্রী ‘আমরা মধ্যযুগে নাই’ বলে মন্তব্য করে জনতার আবেগের প্রতি উপহাস করেছেন।
শুক্রবার বিকেলে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিণের থানা প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, দেশের মানুষ যখন শোকাহত এবং বিচারহীনতার কারণে ক্ষুব্ধ, তখন এমন বক্তব্য দায়িত্বশীল আচরণের পরিপন্থী। দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি কোনো আবেগ নয়, বরং ন্যায়বিচারের দাবি।
ইউনুস আহমদ আরও বলেন, বিচারহীনতার কারণে অপরাধীরা দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে। একের পর এক হত্যাকাণ্ড ঘটলেও অনেক ক্ষেত্রে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হচ্ছে। এতে সাধারণ মানুষের আইন ও বিচার ব্যবস্থার ওপর আস্থা কমে যাচ্ছে বলে তিনি দাবি করেন।
তিনি রামিসাসহ নারী ও শিশু হত্যার সব মামলা দ্রুত নিষ্পত্তি এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
সভায় ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের আসন্ন নির্বাচনে দল ঘোষিত মেয়র প্রার্থী শেখ ফজলুল করীম মারুফ বলেন, ঢাকা বর্তমানে বসবাসের অযোগ্য শহরে পরিণত হয়েছে। তিনি বলেন, নির্বাচিত হলে ঢাকাকে একটি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলাই হবে তার প্রধান অগ্রাধিকার।
এর আগে বাদ জুমা একই স্থানে মতিঝিল থানা শাখার তৃণমূল সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্যে দলের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম বলেন, ঢাকাকে যানজট, দূষণ, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করতে আন্দোলন অব্যাহত থাকবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আহমদ আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে সভায় বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ