সিংগাইরে বিএনপি কমিটি গঠনে ত্যাগী নেতাদের মূল্যায়নের দাবি, বঞ্চিত হলে প্রতিহতের হুঁশিয়ারি
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নতুন কমিটি গঠনে ত্যাগী ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা। একই সঙ্গে দলের শীর্ষ পর্যায়ের নেতাদের মতামত উপেক্ষা করে বিতর্কিত বা ‘হাইব্রিড’ নেতাদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হলে তা প্রতিহত ও বয়কটের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
শনিবার (২৩ মে) দুপুরে মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত’র চারিগ্রামস্থ বাসভবন চত্বরে সিংগাইর উপজেলা ও পৌর বিএনপির কমিটি গঠন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয়, কারাবরণ ও নির্যাতনের শিকার এবং মাঠপর্যায়ে সংগঠনকে ধরে রাখা ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করেই নতুন কমিটি গঠন করতে হবে। তারা অভিযোগ করেন, কোনো কোনো ক্ষেত্রে ত্যাগীদের উপেক্ষা করে নিষ্ক্রিয় বা বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে স্থান দেওয়ার চেষ্টা চলছে।
বক্তারা আরও বলেন, মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং নেতাকর্মীদের পাশে ছিলেন। তাই ভবিষ্যতে কমিটি গঠনের ক্ষেত্রে তার মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তারা।
তারা সতর্ক করে বলেন, ত্যাগী নেতাদের বাদ দিয়ে বা উপেক্ষা করে যদি কোনো ‘পকেট কমিটি’ ঘোষণা করা হয়, তবে তা প্রতিহত ও বয়কট করা হবে। একই সঙ্গে সৎ, যোগ্য ও ক্লিন ইমেজের নেতাদের সমন্বয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠনের দাবি জানান তারা।
উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. মো. শফিউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
এছাড়া উপজেলার ১১টি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৫ মে মানিকগঞ্জ জেলার অধীন বিএনপির সাতটি উপজেলা ও দুটি পৌর শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি সম্প্রসারণ করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নতুন কমিটি ঘোষণার পর সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রথম দর্পণ অনলাইন,ডেক্স