চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত ‘মনুমেন্ট টু দ্য পিপলস হিরোজ’-এ পুষ্পস্তবক অর্পণ করে চীনের বিপ্লবী বীরদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে আয়োজিত রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং বিউগলের করুণ সুরে বীরদের স্মরণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী তারেক রহমান কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে চীনের স্বাধীনতা ও বিপ্লবী সংগ্রামে আত্মোৎসর্গকারী বীরদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এ সময় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। সফরসঙ্গীদের মধ্যে আরও ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধানমন্ত্রীর চীন সফরের গুরুত্বপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে এই রাষ্ট্রীয় শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়। সফরকালে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে উচ্চপর্যায়ের বৈঠক ও বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।

এইচএম মোকাদ্দেস,নির্বাহী সম্পাদক