প্রধানমন্ত্রীর নির্দেশে বদলে গেল কুমিল্লার জলাবদ্ধ এইচএসসি পরীক্ষা কেন্দ্র

  • শাহিন রেজা,মাল্টিমিডিয়া ইনচার্জ
  • আপলোড সময় : ১৩ জুলাই ২০২৬, ০৯:৩১ রাত
  • ২২১৫১ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় পরীক্ষার্থীদের চরম দুর্ভোগের পর প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে কুমিল্লা সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড।

সোমবার (১৩ জুলাই) সকালে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে প্রায় এক হাজার পরীক্ষার্থীকে কোমরসমান পানি ভেঙে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে হয়। অনেক শিক্ষার্থী ভেজা কাপড়েই তিন ঘণ্টার পরীক্ষা দিতে বাধ্য হন। জলাবদ্ধতার কারণে কেউ কেউ নির্ধারিত সময়েও কেন্দ্রে পৌঁছাতে পারেননি।

পরীক্ষা শেষে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, আগামী পরীক্ষা থেকে কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীরা নগরীর অজিত গুহ মহাবিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবে। পরবর্তী পরীক্ষাগুলোর বিষয়ে পরিস্থিতি বিবেচনা করে পরে সিদ্ধান্ত জানানো হবে।

এদিকে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, পরীক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি জানতে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে ফোন করেন এবং কেন্দ্র পরিবর্তনের নির্দেশনা দেন। একই সঙ্গে দ্রুত জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও তাগিদ দেন।

তিনি আরও জানান, কুমিল্লা সিটি করপোরেশনের পক্ষ থেকে দ্রুত পানি অপসারণে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। টানা ভারী বর্ষণের কারণেই নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যার প্রভাব পড়ে এইচএসসি পরীক্ষার্থীদের ওপর।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad