জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন, চাঁদাবাজি ও টেন্ডারবাজির সঙ্গে জড়িতরা দেশের শত্রু। দেশের মানুষ এখন পরিবর্তনের প্রত্যাশায় রয়েছে। জনগণ একটি গণমুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনৈতিক ব্যবস্থা চায়, আর সেই লক্ষ্যেই এনসিপি কাজ করছে।
বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টার দিকে বগুড়ার মোকামতলা বাসস্ট্যান্ড এলাকায় মোকামতলা উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, জাতীয় নাগরিক পার্টি সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশে নতুন রাজনৈতিক ধারার সূচনা করতে হবে। পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করাও সময়ের গুরুত্বপূর্ণ দাবি।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
এছাড়া বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাইফ মোস্তাফিজ, যুগ্ম মুখ্য সংগঠক সাকিব মাহদী, যুগ্ম সদস্য সচিব গাজী সালাহউদ্দিন তানভীর, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, বগুড়া জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম এস এ মাহমুদ এবং সদস্য সচিব সুলতান মাহমুদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা এনসিপির যুগ্ম সদস্য সচিব আব্দুস সবুর সুমন, জাতীয় ছাত্রশক্তি বগুড়া জেলা শাখার আহ্বায়ক এ এম জেড শাহরিয়ার জুহিন, সদস্য সচিব সৈকত আলীসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
পথসভা শেষে এনসিপির নেতারা জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা দেন।

প্রথম দর্পণ,ডেস্ক