বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটে পাওয়া জনরায় কার্যকর না করে সরকার ভুল পথে এগোচ্ছে। তিনি অভিযোগ করেন, ‘জুলাই সনদ’-এর আইনগত ভিত্তি তৈরির পরিবর্তে সরকার সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়ে জনগণের প্রত্যাশা থেকে সরে এসেছে। তার দাবি, সংসদে এ সংকটের সমাধান না হলে বিষয়টি জনগণের কাছেই নিয়ে যেতে হবে।
বুধবার (১৫ জুলাই) রাতে খুলনা প্রেসক্লাব ব্যাংকুয়েট হলে ১১ দলীয় ঐক্য, খুলনা আয়োজিত ‘জুলাই অভ্যুত্থানের চেতনা : সাম্প্রতিক বাস্তবতা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, গণভোটের পর ‘জুলাই সনদে’ স্বাক্ষর, সংবিধান সংস্কার পরিষদ গঠন এবং সংশ্লিষ্ট প্রক্রিয়ার বিষয়ে বিএনপি শুরু থেকেই একমত ছিল। কিন্তু ক্ষমতায় যাওয়ার পর তারা রাষ্ট্রপতির আদেশ, গণভোটের ফলাফল এবং ‘জুলাই সনদ’-এর বাধ্যবাধকতা অস্বীকার করছে। তার ভাষায়, এটি জাতির সঙ্গে প্রতারণা ও দ্বিচারিতার শামিল।
তিনি আরও বলেন, ‘জুলাই সনদ’ এবং গণভোটের রায় জাতীয় সংসদে বাস্তবায়ন না হলে বিষয়টি জনগণের কাছেই নিয়ে যেতে হবে। সংসদে যে সমাধান হওয়ার কথা, তা রাজপথে জনগণকে আদায় করতে হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। তবে এ পরিস্থিতিতে সংঘাতের আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করেন জামায়াতের এই নেতা।
সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমির মোহাম্মদ মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হুসাইন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান আখন্দ।
মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম-এর সঞ্চালনায় প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতী শরীফ সাঈদুর রহমান, এনসিপি খুলনা মহানগরের প্রধান সংগঠক আহমদ হামীম রাহাত, বাংলাদেশ লেবার পার্টির খুলনা মহানগর সভাপতি অধ্যক্ষ এস এম সাইফুদ্দোহা, খেলাফত মজলিসের খুলনা মহানগর সভাপতি এফ এম হারুন অর রশীদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় সদস্য মো. জাকির হোসেন খান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা মো. ইব্রাহিম খলিল, আমার বাংলাদেশ পার্টির (এবি) খুলনা মহানগর দপ্তর সম্পাদক মো. মনিরুল ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির খুলনা মহানগর সভাপতি অ্যাডভোকেট হানিফ উদ্দীন, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মাহমুদ হাসান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও খুলনা মহানগর সভাপতি মো. রাকিব হাসান।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ সাকিব রায়হান-এর বাবা শেখ মো. আজিজুর রহমান ও মা নূরুন্নাহার বেগম উপস্থিত ছিলেন। সেমিনার শেষে জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

প্রথম দর্পণ,ডেস্ক