'আপনার বহু আগে ঢাকায় ছাত্রদল করেছি'— ছাত্রদল নেতাকে কুমিল্লার পুলিশ সুপার

  • প্রথম দর্পণ অনলাইন,ডেক্স
  • আপলোড সময় : ১৭ জুলাই ২০২৬, ০৫:০৪ বিকাল
  • ২৩৯৯৩ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg

জুলাই শহীদ দিবস উপলক্ষে কুমিল্লায় আয়োজিত এক আলোচনা সভায় কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান ও মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি ফখরুল ইসলাম মিঠুর মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে বাক্যবিনিময় হয়েছে।

বুধবার (১৬ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে ফখরুল ইসলাম মিঠু অভিযোগ করেন, পুলিশ সুপার কুমিল্লায় যোগদানের পরও "ফ্যাসিস্ট" হিসেবে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

এর জবাবে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, "এটি রাজনৈতিক বক্তব্য দেওয়ার মঞ্চ নয়। একটি বাহিনী সম্পর্কে এভাবে মন্তব্য করা ঠিক নয়। ছাত্রদল আমিও করেছি, আপনার বহু আগে ঢাকায় ছাত্রদল করেছি। কোনো অভিযোগ থাকলে তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলতে হবে।"

পরে আবার বক্তব্য দেওয়ার সুযোগ নিয়ে ফখরুল ইসলাম মিঠু বলেন, তারা বিভিন্ন বিষয়ে তথ্য দিলেও অনেক ক্ষেত্রে পুলিশ গ্রেপ্তারে উদ্যোগী হয় না।

এর প্রতিক্রিয়ায় পুলিশ সুপার বলেন, "আপনারা নিজেদের প্রতিপক্ষকেও এখন ফ্যাসিস্ট বলছেন। যাকে পছন্দ হচ্ছে না, তাকেই ফ্যাসিস্ট আখ্যা দিচ্ছেন।"

নিজের বক্তব্যে পুলিশ সুপার আরও বলেন, ৫ আগস্টের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল অত্যন্ত নাজুক এবং তখন কার্যত পুলিশের কার্যক্রম ভেঙে পড়েছিল। সেই অবস্থা থেকে পুলিশ বাহিনী ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে। তিনি বলেন, এখনও বাহিনীর মধ্যে অতীত সরকারের সময়কার কিছু লোক থাকতে পারে। দীর্ঘ ১৭ বছরে বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষতি হয়েছে, তাই সবকিছু স্বাভাবিক হতে সময় লাগবে।

সরকারের সময় চেয়ে তিনি বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র চার মাস। একটি শিশুর যেমন হাঁটতে-শিখতে সময় লাগে, তেমনি রাষ্ট্র পরিচালনায়ও পরিবর্তন আনতে সময় প্রয়োজন।

পুলিশ সুপার আরও দাবি করেন, বিভিন্ন আলোচিত ঘটনার বিচারপ্রক্রিয়া এগিয়ে চলছে এবং তিনি নিজেও দায়িত্ব পালনকালে একাধিক ব্যক্তির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছেন।

জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত ওই আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রোজী আক্তার, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
Sidebar Ad