নিত্যপণ্যের বাজারে অস্থিরতা, বাড়ছে তেল-পেঁয়াজ-চালের দাম

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৪ অক্টোবর ২০২৬, ১১:৩৫ দুপুর
  • ২১৫৯ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
চট্টগ্রামের বাজারে নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম বাড়ছে। ভোজ্যতেল, পেঁয়াজ, চাল, আদা, রসুন, আটা-ময়দা থেকে শুরু করে মাছ-মাংস ও সবজির দামেও চাপ রয়েছে। বাজারে অভিযান ও জরিমানা করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ব্যবসায়ীদের বিরুদ্ধে সিন্ডিকেট করে দাম বাড়ানোর অভিযোগ তুলেছেন ক্রেতারা। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন স্বল্প আয়ের মানুষ।

বাজারসংশ্লিষ্ট কর্মকর্তা ও সংস্থাগুলোর দাবি, নিয়মিত অভিযান চালিয়ে অনিয়মের দায়ে ব্যবসায়ীদের জরিমানা করা হচ্ছে। তবে সরবরাহ সংকট, আন্তর্জাতিক যুদ্ধ-সংঘাত এবং অন্যান্য অজুহাতে কিছু অসাধু ব্যবসায়ী পণ্যের দাম বাড়াচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

ভোজ্যতেল ও পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী

চট্টগ্রামের চাক্তাই-খাতুনগঞ্জের পাইকারি বাজারে ভোজ্যতেলের দাম বেড়েছে। ব্যবসায়ীদের ভাষ্য, সরবরাহ কম থাকায় সরকার নির্ধারিত দামে তেল বিক্রি করা যাচ্ছে না। শুক্রবার খাতুনগঞ্জে প্রতি মণ (৩৭ দশমিক ৩২ কেজি) সয়াবিন তেল বিক্রি হয়েছে ৭ হাজার ৫০০ টাকায়। এক সপ্তাহ আগে দাম ছিল ৭ হাজার ৪০০ টাকা। পাম অয়েলের মণ বিক্রি হয়েছে ৬ হাজার ৫৮০ টাকায়; আগের সপ্তাহে দাম ছিল ৬ হাজার ৫০০ টাকার কম।

খুচরা বাজারে সরকার নির্ধারিত ২০৪ টাকা দরের সয়াবিন তেল বিক্রি হচ্ছে ২১০ টাকার বেশি দামে। নগরীর অনেক মুদি দোকানে বোতলজাত সয়াবিন তেলের পর্যাপ্ত সরবরাহও নেই। চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় দাম আরও বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পেঁয়াজের দামও বেড়েছে। ভালো মানের পেঁয়াজ পাইকারি বাজারে প্রতি কেজি ৪৭ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা তিন দিন আগে ছিল ৩৮ থেকে ৪০ টাকা। খুচরা বাজারে এর দাম ৫৫ থেকে ৬০ টাকা। নিম্নমানের পেঁয়াজ পাইকারিতে ৪৫ টাকা এবং খুচরায় ৫০ থেকে ৫২ টাকায় বিক্রি হচ্ছে।

চালের বস্তায় বেড়েছে ১০০-২০০ টাকা

জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে চালের দামও বেড়েছে বলে জানিয়েছেন বাজারসংশ্লিষ্টরা। খুচরা পর্যায়ে প্রতি কেজি চালের দাম ২ থেকে ৩ টাকা পর্যন্ত বেড়েছে।

চাক্তাই চালপট্টির পাইকারি বাজারে ৫০ কেজির মোটা সিদ্ধ চালের বস্তায় ১০০ থেকে ১৫০ টাকা বেড়েছে। মানভেদে এসব চালের বস্তা বিক্রি হচ্ছে প্রায় ৩ হাজার থেকে ৩ হাজার ১০০ টাকায়। মিনিকেট আতপ চালের বস্তা ১৫০ থেকে ২০০ টাকা বেড়ে ৩ হাজার ৭০০ থেকে ৩ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে। দিনাজপুরী পাইজাম চালের বস্তার দাম ৩ হাজার ৮০০ থেকে ৩ হাজার ৯০০ টাকা। কাটারিভোগ চাল বিক্রি হচ্ছে ৩ হাজার ৯০০ টাকার বেশি দামে।

আদা-রসুন, আটা-ময়দার দামেও চাপ

নগরীর কাঁচাবাজারে দুই সপ্তাহের ব্যবধানে চীনা আদার দাম কেজিতে ৫০ থেকে ৬০ টাকা বেড়েছে। আগে ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হওয়া আদা শুক্রবার বিক্রি হয়েছে ২০০ থেকে ২২০ টাকায়। চীনা রসুনের দাম কেজিতে ৩০ থেকে ৪০ টাকা বেড়ে ১৮০ টাকা হয়েছে। দেশি রসুন বিক্রি হচ্ছে ১০০ থেকে ১৩০ টাকায়, যা আগে কেজিতে ২০ থেকে ৩০ টাকা কম ছিল।

খাতুনগঞ্জের ব্যবসায়ী কামরুল হুদা জানান, প্যাকেটজাত আটা বর্তমানে কেজি ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। দুই সপ্তাহ আগে দাম ছিল ৫৫ থেকে ৬০ টাকা। খোলা আটা কেজি ৫০ টাকা, আগে ছিল ৪৫ টাকা। খোলা ময়দা বিক্রি হচ্ছে ৬৫ থেকে ৭০ টাকা এবং প্যাকেটজাত ময়দা কোম্পানিভেদে ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে।

মাছ-মাংসের বাজারেও স্বস্তি নেই

সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞার কারণে মাছের দাম বেড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। বর্তমানে পাঙ্গাশ প্রতি কেজি ২২০ থেকে ২৫০ টাকা, মাঝারি ও বড় তেলাপিয়া ২৪০ থেকে ২৮০ টাকা, চাষের রুই ৩৮০ থেকে ৫০০ টাকা এবং কাতল ৩০০ থেকে ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে।

মুরগির বাজারেও দাম চড়া। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩১০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম প্রতি কেজি ৮০০ থেকে ৯০০ টাকা।

সবজির বাজারেও চড়া দাম

বাজারে কিছু সবজির দাম তুলনামূলক স্থিতিশীল থাকলেও অধিকাংশের দাম ক্রেতাদের নাগালের বাইরে। ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা এবং শিম প্রতি কেজি ১৪০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। জাতভেদে বেগুন ৮০ থেকে ১৪০ টাকা, শসা ৮০ থেকে ১০০ টাকা, করলা ৮০ টাকা এবং বরবটি ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

পটোল ও ঢ্যাঁড়সের কেজি ৬০ টাকা, চিচিঙ্গা, ঝিঙা ও কচুমুখি ৬০ থেকে ৭০ টাকা, কাঁচা মরিচ ১৬০ টাকা এবং কচুর লতি ৮০ টাকা কেজি। পেঁপে বিক্রি হচ্ছে ৩০ টাকা এবং মিষ্টি কুমড়া ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে।

নিত্যপণ্যের দাম বাড়তে থাকায় সীমিত আয়ের পরিবারগুলোর সংসার চালানোর ব্যয় আরও বাড়ছে। নিয়মিত বাজার তদারকি সত্ত্বেও দাম নিয়ন্ত্রণে না আসায় ক্রেতাদের মধ্যে অসন্তোষ বাড়ছে।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad