‘থামব না, জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাব’: জামায়াত আমির

  • প্রথম দর্পণ,ডেস্ক
  • আপলোড সময় : ২৪ অক্টোবর ২০২৬, ১২:২৪ দুপুর
  • ২৪২৪ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
সিটি নির্বাচন সামনে রেখে প্রস্তুতির আহ্বান, ১৩ হাজারের বেশি রুকনের ভোটে মহানগরী উত্তরের আমির নির্বাচন

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় নেতা-কর্মীদের সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, “আমরা থামব না, আমাদের থামার সুযোগ নেই। জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রাচীর গড়ে তুলতে হবে।”

শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় নির্বাচনে দলের কিছু ভুলত্রুটি ও দুর্বলতা চিহ্নিত হয়েছে। ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তি এড়াতে সেগুলো পর্যালোচনা করে কাজ করতে হবে। জনগণ তাঁদের ভোট দিলেও তা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, দেশের ভবিষ্যৎ কারা পরিচালনা করবে, তা জনগণই নির্ধারণ করবে। অন্যায়-অনিয়মের বিরুদ্ধে দল প্রতিবাদ করবে এবং সামর্থ্য অনুযায়ী প্রতিরোধ গড়ে তুলবে। আসন্ন সিটি নির্বাচনে দিনরাত পরিশ্রম করে জনগণকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য রুকনদের প্রতি আহ্বান জানান জামায়াত আমির।

রুকনদের মানোন্নয়নে গুরুত্ব

সম্মেলনে সংগঠনের সাংগঠনিক অগ্রগতি ও সদস্যদের দায়িত্বশীলতা বাড়ানোর ওপর গুরুত্ব দেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ একসময় সাংগঠনিকভাবে দুর্বল ছিল। নেতা-কর্মীদের ত্যাগ, কোরবানি ও পরিশ্রমের মাধ্যমে বর্তমান অবস্থানে পৌঁছানো সম্ভব হয়েছে। এ ধারাবাহিকতা বজায় রাখতে রুকনদের মানোন্নয়নে কাজ করতে হবে।

ধর্মীয় মূল্যবোধ ও পরকালীন জীবনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং জান্নাতের উপযুক্ত হিসেবে নিজেকে গড়ে তোলা। আল্লাহর সাহায্য ছাড়া কিছুই সম্ভব নয় উল্লেখ করে তিনি তাঁর সাহায্য কামনা ও দায়িত্ব পালনে নিষ্ঠাবান হওয়ার আহ্বান জানান।

‘রুকনিয়াত কোনো পদ-পদবি নয়’

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “রুকনিয়াত কোনো পদ-পদবি নয়, এটি একটি মান।” একে ক্ষমতা হিসেবে বিবেচনা করা ভুল হবে বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, রুকনিয়াতের সঙ্গে জীবনের নীতি-নৈতিকতা ও দায়িত্বশীলতার বিষয় জড়িত। রুকনদের মান ও আত্মিক উন্নতি যত বাড়বে, সংগঠনও তত শক্তিশালী হবে। আসন্ন মেয়র নির্বাচনে কার্যকর ভূমিকা রাখতে নেতা-কর্মীদের ত্যাগ ও নিষ্ঠার পরিচয় দেওয়ার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, রুকনের সংখ্যা বাড়ার পাশাপাশি সদস্যদের মান, শৃঙ্খলা ও দায়িত্বশীলতাও বাড়াতে হবে। আস্থাভাজন নেতৃত্ব গড়ে তোলার পাশাপাশি শক্তিশালী সংগঠন প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

‘নাগরিক সেবা’ অ্যাপ উদ্বোধন

সম্মেলনে ডা. শফিকুর রহমান ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে তৈরি ‘নাগরিক সেবা’ নামের একটি অ্যাপ উদ্বোধন করেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, অ্যাপটিতে নাগরিকদের জন্য ৫০টির বেশি সেবামূলক সুবিধা থাকবে।

সম্মেলনটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১১টা পর্যন্ত নির্বাচনী অধিবেশনে ২০২৭-২০২৮ সেশনের জন্য ঢাকা মহানগরী উত্তরের আমির নির্বাচনে রুকনরা ভোট দেন। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, এতে ১৩ হাজারের বেশি রুকন ভোট প্রদান করেন।

নির্বাচন পরিচালনা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন। তাঁকে সহযোগিতা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল এমপি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আ. সবুর ফকির।

সকাল ১১টা থেকে শুরু হওয়া সাংগঠনিক অধিবেশনে সভাপতিত্ব করেন ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। সঞ্চালনা করেন মহানগরীর সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন এবং ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এমপি।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad