তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারেন স্পিকার, সংবিধান সংশোধনে নতুন প্রস্তাব

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ২৪ অক্টোবর ২০২৬, ০৮:১৭ রাত
  • ২৮৬১ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg
তত্ত্বাবধায়ক সরকার গঠনের নতুন প্রক্রিয়া নিয়ে আলোচনায় জাতীয় সংসদের স্পিকারকে সরকারপ্রধান করার প্রস্তাব এসেছে। বিচার বিভাগকে এ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত না করে বিরোধী দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে এমন ব্যবস্থা চালুর বিষয়ে কয়েকজন প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছেন সংবিধান সংশোধন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার জাতীয় সংসদের কেবিনেট কক্ষে সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবীদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। জুলাই সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের বিষয়ে বিশেষজ্ঞ এবং বিশিষ্ট নাগরিকদের মতামত নিতে পর্যায়ক্রমে এ ধরনের বৈঠক করছে কমিটি।

বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ নিয়ে বিরোধীদের আহ্বান

বিএনপির দেওয়া ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমতের নোটে কোনো পরিবর্তন চাইলে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটির বৈঠকে এসে আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, বিরোধী দল যদি বিএনপিকে তাদের নোট অব ডিসেন্ট শিথিল করার অনুরোধ জানাতে চায়, তাহলে তাদের কমিটির বৈঠকে এসে আলোচনা করতে হবে। সংবিধান সংশোধনের এ প্রক্রিয়ায় বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণ জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

যেসব বিষয়ে আলোচনা

আইনজীবীদের সঙ্গে বৈঠকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ, বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, মৌলিক অধিকার সংরক্ষণ, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগপদ্ধতি এবং তত্ত্বাবধায়ক সরকার গঠনের নতুন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।

সালাহউদ্দিন আহমদ বলেন, সবার মতামত নিয়ে যথাযথ প্রক্রিয়ায় আলোচনা করেই সংবিধান সংশোধন করা হবে। তাঁর ভাষ্য অনুযায়ী, অতীতে আওয়ামী লীগ নিজেদের মতো করে সংবিধান সংশোধন করে ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করেছিল। বর্তমান সরকার সে পথে হাঁটবে না বলেও তিনি মন্তব্য করেন।

গণভোটের রায়কে সম্মানের কথা

গণভোটের আইনি প্রশ্ন নিয়ে বিতর্ক থাকলেও গণভোটে জনগণের দেওয়া রায়কে তাঁরা সম্মান করেন বলে জানান কমিটির সভাপতি। তবে ভবিষ্যতে আবার গণভোট হলে তা সংবিধান সংস্কার-সম্পর্কিত হবে বলে উল্লেখ করেন তিনি।

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা ও সমঝোতার ওপর গুরুত্ব দিয়ে সালাহউদ্দিন আহমদ বিরোধী দলকে কমিটির বৈঠকে অংশ নেওয়ার আহ্বান জানান।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad