বঙ্গোপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-জাপান

  • প্রথম দর্পণ,জাতীয় ডেস্ক
  • আপলোড সময় : ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৬ দুপুর
  • ২৬৯৬ বার পড়া হয়েছে

Banner Ad
http://prothomdorpan.com/admin/fav-icon-logo/image/1761146741.250..125.jpg প্রধানমন্ত্রী
টোকিওতে তারেক রহমান-সানায়ে তাকাইচির বৈঠক

বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব জোরদার এবং বঙ্গোপসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা ও অভিন্ন সমৃদ্ধি ত্বরান্বিত করতে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। বঙ্গোপসাগরকেন্দ্রিক সহযোগিতা বাড়ানো, সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করা এবং দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে কৌশলগত অংশীদারত্বে উন্নীত করার বিষয়েও গুরুত্বারোপ করেছেন তাঁরা।

স্থানীয় সময় মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিটে টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কানতেই’তে দুই সরকারপ্রধানের দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক শুরু হয়। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এসব বিষয়ে দুই দেশের অবস্থান তুলে ধরেন।

বঙ্গোপসাগরকেন্দ্রিক সহযোগিতায় গুরুত্ব

সানায়ে তাকাইচি বলেন, জাপান বাংলাদেশকে গভীরভাবে সমর্থন করে। বঙ্গোপসাগরকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী টোকিও। বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতেও জাপান সহযোগিতা করবে বলে আশ্বাস দেন তিনি।

বঙ্গোপসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার লক্ষ্যে ‘বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট’ (বিগ-বি) উদ্যোগকে সময়োপযোগী করার বিষয়ে দুই দেশের ঐকমত্যের কথাও জানান জাপানের প্রধানমন্ত্রী।

সম্পর্ক কৌশলগত অংশীদারত্বে উন্নীত

বাংলাদেশ ও জাপানের সম্পর্কের ধারাবাহিক অগ্রগতির কথা তুলে ধরে তাকাইচি বলেন, গত ৫০ বছরে দুই দেশের সম্পর্ক ক্রমেই সুদৃঢ় হয়েছে। জাপান বাংলাদেশের বিশ্বস্ত ও দীর্ঘমেয়াদি উন্নয়ন অংশীদার এবং বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে দেশটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারত্বে’ উন্নীত করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, এর মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। পাশাপাশি উভয় দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

বন্ধুত্বকে সমৃদ্ধির ভিত্তি করার লক্ষ্য

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের ওপর বাংলাদেশ-জাপান সম্পর্ক প্রতিষ্ঠিত। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বকে অর্থনৈতিক সুযোগ সৃষ্টি ও অভিন্ন সমৃদ্ধির শক্তিশালী ভিত্তিতে রূপান্তর করাই তাঁদের লক্ষ্য।

এর আগে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তারেক রহমানকে গার্ড অব অনার দেওয়া হয়। আনুষ্ঠানিক অভ্যর্থনা শেষে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি তাঁকে স্বাগত জানান। এরপর দুই সরকারপ্রধানের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়।




কমেন্ট করুন:

ফেসবুকে আমরা
সর্বশেষ সংবাদ
Sidebar Ad